স্নোডেনকে ক্ষমা করার কথা ভাবছে এনএসএ
যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেয়ার কথা ভাবছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ।
স্নোডেন গোপন তথ্য ফাঁস করা বন্ধ করতে রাজি হলে তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন এনএসএ’র এক কর্মকর্তা।
গোপন তথ্য ফাঁসের ক্ষয়ক্ষতি নিরূপণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রিচার্ড লেজেট বলেন, তিনি এ ব্যাপারে চুক্তি করতে প্রস্তুত।
স্নোডেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফোনে এনএসএ’র আড়িপাতার গোপন তথ্য ফাঁস করে দেশ ছেড়ে পালিয়ে যান।
গত জুনে স্নোডেন রাশিয়ায় চলে যান। তাকে দেশে ফেরত এনে বিচার করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু স্নোডেন এখনো ধরা ছোঁয়ার বাইরে থেকেই একের পর এক গোপন তথ্য ফাঁস করে যাচ্ছেন।
এ পরিস্থিতিতে তার সঙ্গে ক্ষমার বিনিময়ে তথ্য ফাঁস বন্ধের চুক্তি করার প্রস্তাব দিয়ে রিচার্ড লেজেট মার্কিন সিবিএস টিভি চ্যানেলে বলেন, “আমার বক্তিগত মত হচ্ছে, হ্যাঁ বিষয়টি নিয়ে আলোচনা করা যায়। বাদবাকী তথ্য-উপাত্তগুলোর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তাটা আমার দরকার”।
তবে এনএসএ’র পরিচালক জেন কেইথ অ্যালেক্সান্ডার স্নোডেনকে কোনোরকম ক্ষমা করার এমন পরিকল্পনা নাকচ করেছেন।
ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ও জানিয়েছে যে স্নোডেনের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন হয়নি। স্নোডেনকে যুক্তরাষ্ট্রে ফিরে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
