২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূত তলব জার্মানির

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মোবাইল ফোনে আড়িপাতার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে বার্লিন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

জার্মানিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন এমারসনের সঙ্গে কথা বলবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্তারভেলে। দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে এমন পদক্ষেপ বিরল বলেই মনে করা হচ্ছে।

মের্কেল ফোনে আড়িপাতার ঘটনার পরিপূর্ণ ও সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, এ ধরনের গুপ্তচরবৃত্তির ঘটনা সত্য প্রমাণিত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং একাজ স্পষ্টতই নিন্দনীয় বলে গণ্য হবে।

এ ঘটনা ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ছায়া ফেলার হুমকি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দাবৃত্তির অভিযোগ কোথা থেকে পাওয়া গেছে জার্মান সরকার তা বলেনি।

কিন্তু সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করা নিউজ ম্যাগাজিন ‘দার স্পাইগেল’ জানিয়েছে, তাদের তদন্ত থেকে এ তথ্য এসেছে।

গুপ্তচরবৃত্তির ব্যাখ্যা চাওয়া ছাড়াও বুধবার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও কথা বলেছেন ম্যার্কেল।

তবে, প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, যুক্তরাষ্ট্র তার ফোন কলের ওপর গোয়েন্দাগিরি করছে না এবং ভবিষ্যতেও করবে না। হোয়াইট হাউস একথা জানিয়েছে।

এর আগে ফ্রান্সের লা মন্ডে পত্রিকায় গুপ্তচরবৃত্তির খবরের ভিত্তিতে প্যারিস মার্কিন রাষ্ট্রদূত তলব করে প্রতিবাদ জানায়। ফ্রান্সের সঙ্গে এবার একজোট হয়েছে জার্মানিও।

জার্মানির চ্যান্সেলর মের্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে ইইউ বৈঠকের আগেই একদফা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার(এনএসএ) গোয়েন্দা তথ্য প্রকাশ করার পর থেকে যুক্তরাষ্ট্র এর মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বেকায়দায় পড়েছে। ব্রাজিল, সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর সঙ্গেও সম্পর্ক নিয়ে ঝামেলায় পড়েছে যুক্তরাষ্ট্র।