২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বিক্ষুব্ধ হয়ে উঠছে শ্রীলঙ্কার তামিলরা

তোমাদের যে জমি সেনাবাহিনী অধিগ্রহণ করেছে তার বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো নতুবা তোমাকে হত্যা করা হবে- এটি একটি ক্ষুদে বার্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার রাতে শ্রীলঙ্কার তামিল ভূমি আন্দোলনকারী সোমাসুন্দারাম সুগীরথানের ফোনে অজ্ঞাত উৎস থেকে এই ক্ষুদে বার্তার্টি পাঠানো হয়।

সেখানে আরো লেখা ছিলো, “এই কুকুর তুমি কি জানো যদি তুমি বাধা দাও তবে তোমার কি হবে? আমরা তোমার মস্তকবিহীন শরীর তোমার বাড়ির সামনে রেখে দিবো।”

পরদিন সকালে বাড়ির সামনে গরুর ছিন্ন মস্তক রেখে যাওয়ার মধ্যমে হুমকির গুরুত্ব বুঝিয়ে দেয়া হয়। গরু কোনো সাধারণ পশু নয়, হিন্দু তামিলদের পরম পবিত্র প্রাণী যার প্রাণহরণ নিষিদ্ধ ও মহাপাপ।

সুগীরথানের বিশ্বাস, সেনাবাহিনীর পক্ষ থেকেই হুমকিটি পাঠানো হয়েছে।

তামিল অধ্যুষিত শ্রীলংকার উত্তর উপদ্বীপের রাজধানী জাফনার আশপাশে তামিলদের সবচেয়ে উর্বর কৃষিজমির ছয় হাজার চারশ একর অংশ দখল করে রেখেছে শ্রীলঙ্কান সেনাবাহিনী। এই ভূমি উদ্ধারের জন্যই আন্দোলন শুরু করেছেন সুগীরথান।

শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী সিংহলি হলেও উত্তরের সংখ্যালঘু তামিলারা হিন্দু ধর্মাবলম্বী। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ২০০৯ সালে গৃহযুদ্ধ অবসানের আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে কলম্বোর সিংহলি সরকারের বিরুদ্ধে লড়াই করেছে তারা।

ওই বছর সিংহলি সেনাবাহিনীর বেপরোয়া অভিযানে ২৬ বছর ধরে চলা তামিল প্রতিরোধের অবসান হয়। ওই সময়ই সেনাবাহিনী এসব জমির দখল নিয়েছিল।

গৃহযুদ্ধ অবসানের পর ওই জমি তামিলদের ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো শ্রীলংকা সরকার। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি।

গৃহযুদ্ধ অবসানের চার বছর পর তামিলরা বলছে, তাদের নির্দয়ভাবে দমন করা হচ্ছে।

তামিলদের সংবাদপত্র ছাপানোর মুদ্রণ যন্ত্রগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। সাবেক তামিল বিদ্রোহী গেরিলারা তাদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। নারী গেরিলাদের যৌন হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তামিলদের রাজনৈতিক তৎপরতার ওপর গভীর নজরদারী করা হচ্ছে।

এসব মিলে তামিলদের ধারণা হচ্ছে, তাদের এখনও রাষ্ট্রের শত্রু হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সুগীরথানকে হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র রুয়ান ওয়ানিগাসোরিয়া বলেছেন, “যুদ্ধের সময় থেকে সেনাবাহিনী পচিশ হাজার একর জমি ছেড়ে দিয়েছে। যতটুকু সম্ভব আমরা জমি ছেড়ে দেয়ার চেষ্টা করছি। যেটুকু জমি অধিগ্রহণ করে রাখা হয়েছে তা একটি বিমানবন্দর ও একটি নৌবন্দর হিসেবে ব্যবহার করা হচ্ছে।”

ধূমায়িত অসন্তোষ ও তামিলদের চাপা পড়া ক্ষোভের এ পরিস্থির মধ্যেই শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে কমনওয়েলথভূক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন।