কুকুরে খাওয়া ডলার ফেরত পেলেন মালিক!
এক চোখা একটি কুকুর মালিকের পাঁচশ’ ডলারের বিলের কাগজ খেয়ে ফেলার পর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ থেকে সেই টাকা উদ্ধার করতে পেরেছেন কুকুরটির মালিক। সম্প্রতি পাঁচশ’ ডলারের একটি চেক পেয়েছেন তিনি।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের রাজধানী হেলেনা শহরে।
ওয়েইন ক্লিনকেল হেলেনার ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড সংবাদপত্রের গ্রাফিক ডিজাইনার। তার সোনালি রঙের বড় কুকুরটির নাম সানড্যান্স।
একদিন সানড্যান্সকে গাড়িতে রেখে ক্লিনকেল ও তার স্ত্রী দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। ফিরে এসে দেখেন তাদের জন্য অপেক্ষারত কুকুরটি গাড়িতে রক্ষিত তার পাঁচশ’ ডলারের বিলের কাগজ দিয়ে তার দুপুরের খাবার সেরে নিয়েছে!
তিনি জানান, একটি সম্পূর্ণ বিল ও একশ’ ডলারের একটি নোটের কিছু অংশ ছাড়া বাকী সবকিছুই খেয়ে ফেলেছিল সানড্যান্স।
ক্লিনকেল বলেন, “কাগজ খেয়ে ফেলার জন্য সানড্যান্স দিনদিন কুখ্যাত হয়ে উঠেছে। কি হয়েছে আমি দেখেই বুঝতে পারলাম।”
১২ বছর আগে বাচ্চা অবস্থায় একটি আশ্রয় থেকে সানড্যান্সকে উদ্ধার করে নিয়ে এসেছিল ক্লিনকেল। পরবর্তী সময়ে এক অপারেশনে একটি চোখ হারায় সানড্যান্স।
ডিসেম্বরে ওই ঘটনা ঘটার পর সানড্যান্সের পেছনে লেগে ছিল ক্লিনকেল। শীতের ওই দিনগুলোতে তুষারের মধ্যে সানড্যান্সের পেছনে লেগে থেকে একটি প্লাস্টিক ব্যাগে তার দেহবর্জ্য (মল) সংগ্রহ করেন তিনি।
সংগৃহীত বর্জ্যগুলো কয়েক সপ্তাহ তুষারের মধ্যে বাইরে ফেলে রাখেন। এরপর একসময় দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে বিলের কাগজ ও টাকা উদ্ধারে লেগে পড়েন তিনি। বালতিতে সাবান পানিতে বর্জ্য ধুয়ে বিলের কাগজ ও টাকার অংশ উদ্ধার করেন।
এরপর সেগুলো জোড়া দিয়ে ১৫ এপ্রিল রাজস্ব বিভাগে পাঠিয়ে দেন। সঙ্গে নোটারি করা একটি চিঠিও দেন।
“আমি কোনোকিছু ফিরে পাব এমন কোনো নিশ্চয়তা ছিল না,” বলেন ক্লিনকেল।
কিন্তু গত সোমবার যুক্তরাষ্ট্রের ছিন্ন টাকা বিভাগ থেকে একটি চিঠি পান ক্লিনকেল। সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার সেই কাঙ্ক্ষিত পাঁচশ’ ডলারের চেক।
