২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন কনস্যুলেটে তালেবান হামলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা। একটি গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে শুরু হওয়া এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Sep 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শুক্রবার ভোরে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলাটি শুরু হয়, বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গেই অন্য তালেবান সদস্যরা গুলিবর্ষণ শুরু করে।

কনস্যুলেটের সদর দরজায় এক শক্তিশালী ট্রাকবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীরা গোলাগুলি শুরু করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রাথমিকভাবে পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। তবে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, হেরাত কনস্যুলেটের কর্মীরা সবাই নিরাপদে আছেন এবং কারো কোনো আঘাত লাগেনি। হামলাটিকে “জটিল” বলে বর্ণনা করেছেন তিনি।

হামলা শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

হেরাতের পুলিশ প্রধান জেনারেল রহমতুল্লাহ সাফি বলেছেন, এ ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং মার্কিন কনস্যুলেটের দুজন আফগান কর্মী আহত হয়েছেন।

পরবর্তী সময়ে হেরাতের প্রধান হাসপাতালের মুখপাত্র আব্দুল রউফ আহমাদি জানিয়েছেন, দুজন পুলিশসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ ছাড়া নিহত অপরজন নিরাপত্তারক্ষী।

এছাড়া আরো ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাফি বলেছেন, “তালেবান বিদ্রোহীরা কনস্যুলেটের এক অংশে আফগান নিরাপত্তা রক্ষীদের সঙ্গে লড়াই করছিল আর অন্য অংশে মার্কিনিরা নিরাপদে অবস্থান করছিল।”

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, বিদ্রোহীরা ট্রাকে করে এসে আফগান নিরাপত্তারক্ষী ও অন্যান্য নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু করে। ট্রাকটি পরে বিস্ফোরিত হয় বলে বিবৃতিতে জানানো হয়।

হামলার দায়িত্ব স্বীকার করে তালেবনা মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেছেন, “এই দেশের কোথাও আমেরিকানরা নিরাপদে নেই, এটি দেখানোই আমাদের এই হামলা উদ্দেশ্য।”

ভোর ছয়টায় হামলাটি শুরু হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ১১ সেপ্টেম্বর, ২০০১ টুইন টাওয়ার হামলার ১২তম বার্ষিকীর মাত্র দুদিন পর হেরাতের হামলাটি চালানো হল।

ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের প্রধান শহর হেরাত দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত শান্তিপূর্ণ।

২০১৪ সালে আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনী প্রত্যাহের আগে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান। এই হামলা সেই ধারাবাহিকতারই অংশ।

এর আগে, চলতি মাসের প্রথমদিকে পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে তোরখামে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল তালেবান বিদ্রোহীরা। দীর্ষ সময় ধরে বন্দুকযুদ্ধের পর সেখানে তিন বিদ্রোহী নিহত হয়েছিল।

পুরনো খবর:

হেরাতে মার্কিন কনস্যুলেটে তালেবান হামলা