২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরাতে মার্কিন কনস্যুলেটে তালেবান হামলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা। একটি গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে শুরু হওয়ার হামলাটি শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Sep 2013, 09:56 AM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শুক্রবার ভোরে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলাটি শুরু হয়, বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গেই অন্য তালেবান সদস্যরা গুলিবর্ষণ শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কনস্যুলেট ভবনের কাছে তালেবান বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ অব্যাহত ছিল। তবে বিদ্রোহীরা কনস্যুলেট ভবনে ঢুকে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের প্রধান শহর হেরাত দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত শান্তিপূর্ণ।

২০১৪ সালে আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনী প্রত্যাহারের আগে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান। এই হামলা সেই ধারাবাহিকতারই অংশ।

এর আগে, চলতি মাসের প্রথমদিকে পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে তোরখামে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল তালেবান বিদ্রোহীরা। দীর্ষ সময় ধরে বন্দুকযুদ্ধের পর সেখানে তিন বিদ্রোহী নিহত হয়েছিল।