২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ১০৭ বছরের বৃদ্ধ নিহত

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে পুলিশের গুলিতে মনরো ইসাডোর নামের ১০৭ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশের অভিযোগ বন্দুক তাক করে দুই ব্যাক্তিকে আটকে রেখেছিলেন ইসাডোর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:52 AM

Updated : 25 Apr 2022, 07:14 PM

শনিবার রাতে আরকানসাসের পাইন ব্লাফ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

বন্দুক উঁচিয়ে এক ব্যক্তি দুজন মানুষকে হুমকি দিচ্ছে এমন খবর পাওয়ার পর পাইন ব্লাফের একটি বাড়িতে যেয়ে হাজির হয় পুলিশ। পুলিশ দেখে বন্দুকধারী একটি শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

জিম্মি দুজনকে সরিয়ে নিয়ে বন্দুকধারীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই ঘরে প্রবেশের চেষ্টা শুরু করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইসাডোরকে বুঝিয়ে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু বন্ধ দরজার ভিতর থেকে তাদের লক্ষ্য করে গুলি করেন ইসাডোর। এতে অতিরিক্ত পুলিশ ডাকতে বাধ্য হন তারা।

অতিরিক্ত পুলিশ এসে ওই বন্ধ ঘরে গ্যাস ছেড়ে দরজা খোলার চেষ্টা করে। এতে পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে ইসাডোর। এ সময় পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়।

পরে ময়না তদন্তে ইসাডোরের বয়স ১০৭ বছর বলে নিশ্চিত হন তদন্তকারী চিকিৎসক।