২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় রাসায়নিকে আক্রান্ত ৩৫৫ জনের মৃত্যু’

সিরিয়ায় রাসায়নিকের বিষক্রিয়ায় ৩৫৫ জনের মৃত্যু হয়েছে বলে দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকারী একটি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2013, 12:09 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

শনিবার মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বলেছে, গত বুধবার স্নায়ুতন্ত্র বিকলকারী গ্যাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে রাজধানী দামেস্কের আশপাশের তিনটি হাসপাতালে প্রায় তিন হাজার ছয়শ’ মানুষ ভর্তি হয়। তাদের মধ্যে ৩৫৫ জন মারা গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধীদের অভিযোগ, বুধবার ভোররাতে সরকারি বাহিনীর ছোড়া রকেটে বিষাক্ত গ্যাস ছড়িয়ে কয়েকশ’ নারী-পুরুষ ও শিশু নিহত হয়েছে। ঘুমন্ত মানুষ গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়।

বিষাক্ত গ্যাসে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা।

তবে হামলার এলাকায় এখনো যেতে পারেননি জাতিসংঘের পরিদর্শকরা। আবার হতাহতের বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্রের তথ্যও পাওয়া যায়নি।

দামেস্ক ও এর আশপাশের এলাকায় মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্সের নিজস্ব কোনো কর্মী নেই। তবে গত বছর থেকে ওই এলাকার হাসপাতাল ও চিকিৎসা প্রদানকারী বিভিন্ন গ্রুপকে সহায়তা দিয়ে আসছে সংস্থাটি।

এমএসএফের পরিচালক (কার্যিক্রম)বার্ট জ্যানসেনস এক বিবৃতিতে বলেছেন, আক্রান্তদের মধ্যে নিউরোটক্সিক উপাদানের প্রভাব দেখা গেছে।

শ্বাসকষ্ট, খিঁচুনি ও লালা নিঃসরণ হতে দেখা যায় অসুস্থ হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের।

তবে কী কারণে তাদের মধ্যে এসব উপসর্গ দেখা দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি এমএসএফ। আবার রাসায়নিক হামলা হলে কারা তা চালিয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।

কেউ রাসায়নিক অস্ত্রের ব্যবহার করলে তা স্পষ্টত আন্তর্জাতিক মানবাধিকার আইনের লংঘন বলে মন্তব্য করেন এমএসএফ পরিচালক।

বিদ্রোহীরা রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট আসাদ অনুগতদের দায়ী করলেও সরকারের পক্ষ থেকে উল্টো তাদের দায়ী করা হচ্ছে।

সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের জন্য উস্কানি দিতে বিদ্রোহীরা এটা করতে পারে বলে দাবি করেছে আসাদ সরকার।