২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসিকে আলটিমেটাম, ব্রাদারহুড কার্যালয়ে হামলা

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করে নতুন করে নির্বাচনের সময় নির্ধারণের আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 03:59 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

মুরসি-বিরোধী বিক্ষোভে উত্তাল মিশর

ওদিকে, রাজধানী কায়রোয় সরকারবিরোধী বিক্ষোভকারীরা মুরসির দল মুসলিম ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মুরসিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার পরই ব্রাদারহুড কার্যালয়ে এ হামলা হয়। পূর্বাঞ্চলীয় মোকাত্তাম এলাকার কার্যালয় ভবন তছনছ করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার থেকে সহিংসতায় দেশজুড়ে অন্তত ১৬ জন নিহত এবং ৭৮১ জন আহত হওয়ার খবর জানিয়েছে।

এর আগে সরকারবিরোধীদের সংগঠন ‘তামারুদ’ এক ঘোষণায় জানায়, “প্রেসিডেন্ট মুরসি পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের আয়োজন না করলে তাকে অসহযোগ আন্দোলনের মুখে পড়তে হবে ।”

মুরসি বিরোধী বিক্ষোভের জেরে সোমবার ভোর পর্যন্ত মিশর কার্যত স্থবির হয়ে পড়ে।

উদারপন্থী ও বামপন্থী দলগুলোর সঙ্গে একত্রিত হয়ে তরুণ বিপ্লবীরা মুরসি বিরোধী মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়। তাদের মুখে শ্লোগান ছিল, “জনতা সরকারের পতন চায়”।

সরকার বিরোধী এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু রাজধানী কায়রোর তাহরির স্কয়ার, এখানে পাঁচ লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছে। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়াও প্রায় একই সংখ্যক মানুষ সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে।

মুরসির পদত্যাগের দাবীতে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ ২০১১ সালের হোসনি মুবারক বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশগুলোর মতো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন পুরোটা সময় প্রেসিডেন্ট মুরসি অন্তরালেই ছিলেন। তার দিক থেকে পদত্যাগ করার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এক মুখপাত্রের মাধ্যমে তার নেওয়া কয়েকটি সিদ্ধান্তে ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।

ব্যাপক এই সমাবেশ থেকে এটি পরিষ্কার হয়েছে, ইসলামী শাসন চালু করতে গিয়ে মুসলিম ব্রাদারহুড যেমন উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ দলগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি অর্থনৈতিক বিশৃঙ্খলার মাধ্যমে লাখ লাখ সাধারণ মিশরীয়কেও ক্ষিপ্ত করে তুলেছে।

পর্যটনে খরা চলছে, বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, মূল্যস্ফিতি বেড়েই চলেছে, অপ্রতুল জ্বালানী সরবরাহ আর গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় মানুষ চরম অসন্তুষ্ট হয়ে উঠেছে। যার প্রকাশ ঘটেছে রোববারের সরকার বিরোধী মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিলে।

সারাদেশেই ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের কার্যালয়গুলো জনরোষের শিকার হয়েছে। এর মধ্যে কায়রোর বিক্ষোভকারীদের জঙ্গী একটি অংশ শটগান, পেট্রল বোমা ও পাথর নিয়ে ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে হামলা চালায়। এক পর্যায়ে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় তারা।

ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে হামলার সময় সেখানে কোনো পুলিশ বা দমকল বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কার্যালয়টির রক্ষীরা ভবনের ভেতর থেকে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।

সংঘাতে এখানে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দেশের শহরগুলোর কেন্দ্রিয় চত্বরগুলো দখলে রেখে মুরসি পদত্যাগ না করা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিবাদ সংগঠকরা।