মুরসি-বিরোধী বিক্ষোভে উত্তাল মিশর
মিশরের রাজধানী কায়রোসহ গোটাদেশজুড়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পদত্যাগ ও আগাম প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে রোববার গণ-বিক্ষোভ শুরু হয়েছে।
মুরসির ক্ষমতায় আসার বর্ষপূর্তিতে এ বিক্ষোভ চলছে।ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। ইতোমধ্যেই এক বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছে।
মুরসি বিরোধীরা কায়রোর তাহরির স্কোয়ারে জড়ো হওয়ার পর বিক্ষোভ শুরু করে। একই সময়ে মিশরের অন্যান্য শহরগুলোতেও বিক্ষোভ চলতে থাকে।
ক্ষমতা গ্রহণের এক বছর পরও মুরসি দেশটির নিত্য সমস্যা দুর্বল অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করতে না পারায় তার বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে।
মুরসির বিরোধী ‘ন্যাশনাল সালভেশন ফ্রন্ট’ ছাড়াও কায়রোর সাধারণ নাগরিকদেরও এই বিক্ষোভ যোগ দিতে দেখা যায়।
কায়রো থেকে বিবিসি’র সাংবাদদাতা আলিম মাকবুলে জানান, বিক্ষোভকারীরা তাদের ভাষায় (ইরহাল! ইরহাল!!) হটে যাও! হটে যাও!! বলে শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে রোববার রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হয়।
এর আগে শনিবারও চত্বরে বহু মানুষ তাঁবু গেঁড়ে অবস্থান নিয়েছিল। এই তাহরির স্কয়ার থেকেই সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে শেষ পর্যন্ত তার পতন হয়।
রোববারের বিক্ষোভের আয়োজকরা বলেছেন, প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে এরইমধ্যে তারা দু’কোটি ২০ লাখেরও বেশি মানুষের স্বাক্ষর যোগাড় করেছেন। এসব মানুষ মুরসির পদত্যাগ ও প্রেসিডেন্ট নির্বাচনের দাবি করছেন।
মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে মিছিল করেছে।
সুয়েজ খালের কাছে আরেক শহর পোর্ট সৈয়দে তৈরি করা হচ্ছে বিক্ষোভ-সমাবেশের বিশাল মঞ্চ। তারা বিক্ষোভ স্থলে আসা মানুষজনকে তল্লাশি চালিয়ে বিক্ষোভ স্থলে প্রবেশ করাচ্ছে।
এছাড়া অন্যান্য শহর সুয়েজ মুনুফিয়া এবং মুরসির জন্মস্থান শারকিয়াতেও বিক্ষোভের আয়োজন চলছে বলে বিবিসি জানিয়েছে।
