২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় আরো অনিশ্চিত শান্তি আলোচনা

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র দপ্তরে তালেবান হামলার পর আরো অনিশ্চিত হয়ে পড়েছে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 12:01 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

দেশটিতে ১২ বছরের যুদ্ধাবসানে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর চেষ্টা এ হামলার কারণে ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রশাসনের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলে জানানোর পর তালেবানরা সকালে প্রেসিডেন্ট প্রাসাদে হামলার দায় স্বীকার করেছে।
কাতারে তালেবানের সঙ্গে আলোচনা নির্বিঘ্নে এগিয়ে নেয়ার চেষ্টায় মঙ্গলবার কাবুলে যান মার্কিন দূত।মার্কিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে দেখা করার কথা ছিল তার।কিন্তু এ সংবাদ সম্মেলন পরে বাতিল করা হয়।
কারজাইয়ের মঙ্গলবারের আলোচনায় যোগ দেয়ার কথা থাকলেও তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাসাদের এক কর্মকর্তা।
হামলার সময় কিারজাই প্রাসাদে ছিলেন কিনা তাও জানা যায়নি।প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর চার হামলাকারী সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে সাংবাদিকরা প্রাসাদে জড়ো হওয়ার পরপরই ভবনের পূর্ব ফটকে হামলা শুরু হয়।
কাবুলের শাশ দারাক এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) আফগান সদরদপ্তরেও হামলা হয়। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
ঘটনাস্থল থেকে বিবিসির একজন প্রতিবেদক জানান, বন্দুকধারী হামলাকারীরা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী এবং যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় থেকে থেকে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। সংঘর্ষের সময় ওই এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় একটি টিভির খবরে বলা হয়।