‘ম্যান্ডেলাকে বহনকারী অ্যাম্বুলেন্স বিকল, ৪০ মিনিট অপেক্ষা’
দুই সপ্তা আগে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে বহন করে নিয়ে যাওয়ার সময় জরুরি অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে যায়। এরপর অপর একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানা গেছে।
দেশটির প্রেসিডেন্টের মুখাপাত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
ওই মুখপাত্র নিশ্চিত করে জানান, অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় প্রায় জমে যাওয়া আবহাওয়ার মধ্যেই সাবেক প্রেসিডেন্টকে অপর একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, তবে এতে জনাব ম্যান্ডেলা কোনো চিকিৎসা হুমকিতে পড়েননি। কারণ তিনি সার্বক্ষণিকভাবে জরুরি সেবায় নিয়োজিত সেবিকাদের তত্ত্বাবধানে ছিলেন।
সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সিবিএস নেটওয়ার্ক জানিয়েছে, অসুস্থ ম্যান্ডেলাকে অপর অ্যাম্বুলেন্সের জন্য ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।
শান্তিতে নোবেল জয়ী আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ৯৪ বছর বয়সী নেলসন ম্যান্ডেলাকে ফুসফুসে সংক্রমণজনিত কারণে ৮ মে সকালে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছিলেন, ম্যান্ডেলার স্বাস্থ্যের তুলনামূলক উন্নতি ঘটলে তার প্রকৃত অবস্থা অত্যন্ত গুরুতর।
