ঝুঁকিতে আফগান শান্তি আলোচনা
কাতারে তালিবানদের নতুন কার্যালয় নিয়ে কূটনৈতিক বিতর্কের মুখে আফগানিস্তানে একযুগের যুদ্ধ পরিস্থিতি নিরসনের উদ্যোগ দৃশ্যত ভেস্তে যেতে বসেছে।
কাতারের রাজধানী দোহায় তালেবান ও কাইজাই সরকারের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কথা ছিল। কিন্তু দোহায় তালেবানদের কার্যালয় খোলার পদ্ধতিতে ক্ষুব্ধ কারজাই সরকার প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেয়।
এক বিবৃতিতে বলা হয়, “আফগান শান্তি আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার মুখে যা বলছে তার সঙ্গে কাজের অসঙ্গতি থাকায় আফগান সরকার তাদের সঙ্গে আলোচনা বন্ধ করে দিচ্ছে।”
এদিকে থেমে যাওয়া এই আলোচনা কবে অনুষ্ঠিত হতে পারে সেবিষয়েও কোনো ধারণা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত তালেবানদের দোহায় কার্যালয় চালুর পক্রিয়াটি শান্তি প্রক্রিয়ারই অংশ ছিলো। কিন্তু তাদের কার্যালয়ের ধরণ তালেবান সরকারের বিদেশি কার্যালয়ের মতো হওয়ায় ক্ষুব্ধ হয়েছে কারজাই সরকার।
যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই দফা কারজাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন।
ইতোমধ্যেই দোহা কার্যালয়ে উত্তোলন করা তালেবানদের একটি পতাকা নামিয়েও ফেলা হয়েছে। এছাড়া কার্যালয়ের বাইরে ‘পলিটিকাল অফিস অব ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ লেখা একটি নামফলকও খুলে ফেলা হয়েছে।
কিন্তু একই লেখাসম্বলিত আরেকটি নামফলক সকালেও কার্যালয়ের ভেতরে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শান্তি আলোচনার অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তালেবানরা আশাবাদী কিনা? এমন প্রশ্নের জবাবে দোহায় সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “এখানে আশা-নিরাশার প্রশ্ন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এখন বুঝতে পেরেছি তালেবানরা আলোচনার জন্য প্রস্তুত এবং কিছুক্ষেত্রে তা দীর্ঘমেয়াদী হতে পারে।
ভবিষ্যতে আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় তালেবান ও কাবুল সরকারের যৌথ অংশগ্রহণের দিকটিই আলোচনার উদ্যোগের মধ্যে প্রতিফলিত হয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে দূতিয়ালের ভূমিকায় আর পাকিস্তান রয়েছে মাঠের বাইরের খেলোয়াড় হিসেবে।
তবে কারজাই সরকারকে ‘যুক্তরাষ্ট্রের পুতুল সরকার’ আখ্যা দিয়ে এখনো আলোচনা থেকে সরে থাকতে চাচ্ছে তালেবানরা।
তবে আলোচনায় বসার ব্যাপারে সংগঠনটি এখন অনেকটাই নমনীয় বলে রয়টার্সকে জানিয়েছে আফগানিস্তানের এক কর্মকর্তা।
