২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্যাচারের শেষকৃত্য ১৭ এপ্রিল

প্রয়াত লৌহমানবী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য আগামী সপ্তাহে বুধবার(১৭ এপ্রিল)অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে ডাউনিং স্ট্রিট।সোমবার ৮৭ বছর বয়সে স্ট্রোকে মারা যান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থ্যাচার।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 11:27 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

তিনিই ছিলেন যুক্তরাজ্যের একমাত্র নারী প্রধানমন্ত্রী এবং এ পদে ছিলেনও সবচেয়ে বেশি সময়।

তার মৃত্যুতে বিশ্বজুড়ে নেমে আসে শোক।গভীর শোক আর ভালোবাসায় তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে বিশ্ব।বিশ্ব নেতাদের অনেকেই এরই মধ্যে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ওয়েস্টমিনিস্টার থেকে একটি শোভাযাত্রার পর লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে পূর্ণ সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হবে থ্যাচারের শেষকৃত্য।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় না হলেও প্রয়াত প্রিন্সেস ডায়ানা এবং রানির মায়ের মতো একই মর্যাদায় এ শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রাণি দ্বিতীয় এলিজাবেথ এবং ডিউক অব এডিনবরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

বিবিসি জানায়, শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালেই থ্যাচারের পরিবার এবং বাকিংহাম প্যালেসের মধ্যে সমন্বয়-বৈঠকে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র।

থ্যাচারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে সর্বকালের সেরা প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন।

ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমেরিকা তার প্রকৃত বন্ধুকে হারিয়েছে।

স্নায়ুযুদ্ধ অবসানে থ্যাচারের ভূমিকার জন্য তাকে একজন ‘ব্যতিক্রমী ব্যক্তিত্বের মানুষ’ বলে অভিহিত করেছেন শেষ সোভিয়েত নেতা গর্বাচেভ।

কিন্তু বিশ্ব নেতাদের এ ভালোবাসা আর শ্রদ্ধার মধ্যেও কোনো কোনো জায়গায় থ্যাচারের মৃত্যুতে উল্লাস করতে দেখা গেছে তার বিরোধীদের।দক্ষিণ লন্ডন এবং স্কটল্যান্ডের গ্লাসগোয় থ্যাচার বিরোধীরা তার মৃত্যুকে আনন্দ-উল্লাসের সঙ্গে উদযাপন করেছে।

এ উদযাপনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে কয়েকজন পুলিশ আহত হয়েছে, গ্রেপ্তারও হয়েছে অনেকে। উত্তর আয়ারল্যান্ডে লোকজনকে থ্যাচারের মৃত্যু উদযাপন না করার আহ্বান জানানো হয়েছে।

থ্যাচারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার প্রকাশ ঘটেছে পত্রপত্রিকাগুলোর নিবন্ধেও।দ্য ডেইলি মেইল তার সম্পর্কে লিখেছে, ‘সেই নারী যিনি ব্রিটেনকে রক্ষা করেছিলেন’। আবার দ্য ডেইলি মিরর এক নিবন্ধে লিখেছে, ‘সেই নারী যিনি জাতিকে বিভক্ত করেছিলেন’। এতে করে প্রশ্নবিদ্ধ হয়েছে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় থ্যাচারের আড়ম্বরপূর্ণ শেষকৃত্য।

থ্যাচারের মরদেহ সোমবার রিজ হোটেল থেকে পুলিশ প্রহরায় তোলা হয় একটি ট্রানজিট ভ্যানে।সোমবার সকালে ওই হোটেলেই স্ট্রোকে মারা যান থ্যাচার।

১৭ এপ্রিলে তার মরদেহ ওয়েস্টমিনিস্টার প্যালেসের একটি চ্যাপেল থেকে ঘোড়ায় টানা একটি যানে করে নিয়ে যাওয়া হবে সেন্ট পলস ক্যাথেড্রালে।

পূর্ণ সামরিক মর্যাদায় অনুষ্ঠিত এ শেষকৃত্যটি ১৯৬৫ সালে চার্চিলের রাষ্ট্রীয় শেষকৃত্যের পর সবচেয়ে আড়ম্বরপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।

ইস্টার উদযাপন উপলক্ষ্যে অবকাশে থাকা ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন বুধবার পুনরায় ডাকা হবে থ্যাচারের সৌজন্যে।