২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দুবাইয়ে জারদারি, গণমাধ্যমে জল্পনা

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো চার দিন আগে দেশ ছেড়ে দুবাই যাওয়ার পর এবার জারদারি নিজে সেখানে গেছেন।এ নিয়ে পাকিস্তানের গণমাধ্যমে নানা জল্পনা চলছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার ইউএই’র উদ্দেশে করাচি ছাড়েন জারদারি।‘দ্য ডন’ জানায়, দল পরিচালনা নিয়ে বাবা ও ছেলের মধ্যে মতানৈক্য থেকে পারিবারিক বিরোধের জেরে বিলওয়াল দেশ ছাড়ার কারণে ছেলের অভিমানের অবসান ঘটিয়ে দেশে ফেরত আনতেই জারদারি দুবাই গেছেন বলে ধারণা প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

তবে, প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর এ ধারণা উড়িয়ে দিয়ে বলেছেন, জারদারি নিতান্তই ব্যক্তিগত সফরে দুবাই গেছেন; ছেলের মান ভাঙানোর যে কথা শোনা যাচ্ছে সেসব কিছু নয়।

“জারদারির দুবাই যাওয়া অনেকটা নিয়মিত বিষয় এবং তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন,” বলেন বাবর।

তাছাড়া, বাবা জারদারি ও ফুফু ফারিয়াল তালপুরের সঙ্গে মতবিরোধের কারণে বিলওয়াল ভুট্টো দেশ ছেড়েছেন বলে গণমাধ্যম যে খবর দিয়েছে তাও সত্য নয় বলে জানান বাবর।

লাহোর হাইকোর্টের নির্দেশের কারণে প্রেসিডেন্ট জারদারি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না বলে সমস্যায় পড়েছে পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি)।

নির্বাচনের আগ মুহূর্তে পিপিপি’র নানা গুরুত্বপূর্ণ কাজ থাকার পরও তা সম্ভব হয়ে উঠছে না। সে ক্ষেত্রে পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর উপস্থিতি পাকিস্তানে জরুরি হয়ে পড়েছে।

পিপিপি ইতোমধ্যেই ৪ এপ্রিল গারহি খুদা বক্স এ জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরুর ঘোষণা দিয়েছে।দলের গুরুত্বপূর্ণ ওই সভায় জারদারি যোগ দেবেন কিনা সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে কিছুই জানাতে পারেননি বাবর।