ওবামার মধ্যপ্রাচ্য সফর শেষ
জর্ডানের প্রাচীন নগরী পেত্রারার ধ্বংসাবশেষ পরিদর্শনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন।
অবশ্য তার সফরের কূটনৈতিক অংশটি শুক্রবারই শেষ হয়েছে। ওই দিন প্রেসিডেন্ট ওবামা বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন এবং জর্ডানে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের জন্য আরো ২০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের অঙ্গীকার করেন।
ওবামার এই চার দিনের মধ্যপ্রাচ্য সফর মিশ্র ফল বয়ে এনেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন।
জর্ডানের রাজধানী আম্মান থেকে ওবামাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি শুক্রবার পেত্রার অদূরে অবতরণ করে। প্রায় ২ হাজার বছরের পুরোনো এ নগরটি গোলাপের মতো লাল পাথরে খচিত। এটি জর্ডানের শীর্ষ পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় ৫ লাখ পর্যটক এ নগরীতে আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সফর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের বরফ গলতে সাহায্য করেছে। তবে ফিলিস্তিন ইস্যুতে সামান্যই অগ্রগতি অর্জিত হয়।
ওবামা তার মধ্যপ্রাচ্য সফরের বেশিরভাগ সময় কাটান ইসরায়েলে। এ সময় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি বেশ কয়েকবার বৈঠকে মিলিত হন।
ওবামা স্বল্প সময়ের জন্য পশ্চিম তীরের রামাল্লা সফরে যান, সেখানে তিনি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও দেখা করেন।
