২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে টাইফুন: ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মঙ্গলবার শক্তিশালী ক্রান্তীয় টাইফুন বোপায় ৪০ জন নিহত অথবা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 06:17 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ম্যানিলা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মঙ্গলবার শক্তিশালী ক্রান্তীয় টাইফুন বোপা আঘাত হেনেছে। এতে ওই অঞ্চলে ৪০ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবিএস-সিবিএন টিভি’র খবরে বলা হয়েছে, মিন্দানাওয়ে খনি এলাকার কাছে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রায় ৪০ জন নিহত অথবা নিখোঁজ হয়েছে। পানি আর মাটিতে ভেসে গেছে একটি সেনা ফাঁড়ি। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। নিয়মিত বিমান ও ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। ঘণ্টায় ১২১ মাইল বেগে আঘাত হানা টাইফুন বোপার কারণে গাছ-পালা উপড়ে গেছে, উড়ে গেছে ঘরের চাল। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। দেশটির দাভাও অরিয়েন্টাল প্রদেশের জেলে ল্যান্ডরিং সেবোলাস বলেন, “আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে।” তিনি বলেন, আমার চোখের সামনে বাড়িটি ঝড়ের প্রচণ্ড বাতাসে উড়ে গিয়ে সমুদ্রে পড়েছে। এক টিভি সংবাদদাতা জানান, তিনি সেনা ফাঁড়ির কাছে সারিবদ্ধ লাশ দেখেছেন। এর আগের খবরে সামরিক বাহিনীর এক মুখপাত্র ৬ সেনাসহ ২০ জন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ে উড়ে আসা বিভিন্ন জিনিসপত্র ও গাছ ভেঙে পড়ায় অনেকে আহত হয়েছে। ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হেনে থাকে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। ২০১১ সালে দেশটির মিন্দানাও-এ টাইফুন ওয়াসির আঘাতে ১৫শ’ মানুষ নিহত হয়। টাইফুন বোপার কারণে দেশটির ডজনেরও বেশি বিমানের ফ্লাইট ও মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। অঞ্চলটির স্কুল এবং কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মিন্দানাওয়ের উপকূলীয় এলাকার ৪০ হাজার অধিবাসীকে বোপা আঘাত হানার ৮ ঘণ্টা আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘণ্টায় ৩১০ মাইল বেগ সম্পন্ন মেঘযুক্ত টাইফুন বোপা পশ্চিম-উত্তরপশ্চিমের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার এটি দক্ষিণ চীন সাগরে পৌঁছুবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৯৩৮ঘ.