২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সফরে হামাস নেতা

ফিলিস্তিনের ‘বিজয় মিছিলে’ অংশ নিতে ৪৫ বছর পরে গাজায় ফিরেছেন ওই অঞ্চল নিয়ন্ত্রণকারী হামাস গ্র“পের নির্বাসিত নেতা খালেদ মেশাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 07:00 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ফিলিস্তিনের ‘বিজয় মিছিলে’ অংশ নিতে ৪৫ বছর পরে গাজায় ফিরেছেন ওই অঞ্চল নিয়ন্ত্রণকারী হামাস গ্র“পের নির্বাসিত নেতা খালেদ মেশাল।

১১ বছর বয়সে পশ্চিম তীর ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো ফিলিস্তিনের মাটিতে ফিরলেন তিনি। মিশর হয়ে তিনি শুক্রবার গাজায় পৌঁছেছেন। গাজায় এ সফরকে ‘তৃতীয় জন্ম’ বলে মন্তব্য করেছেন মেশাল।

এর আগে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করাকে ‘প্রথম জন্ম’ এবং ১৯৯৭ সালে জর্ডানে ইসরায়েলি এজেন্টদের হত্যাপ্রচেষ্টা থেকে বেঁচে যাওয়াকে ‘দ্বিতীয় জন্ম’ বলে উল্লেখ করেন তিনি।

১৯৬৭ সালে পশ্চিম তীর ছেড়ে যাওয়ার পর এতদিন ফিলিস্তিনি ভূখন্ডে আর পদচারণা ঘটেনি তার।

গত মাসে ইসরায়েল-গাজা সহিংস লড়াই যুদ্ধবিরতির মধ্য দিয়ে অবসান হওয়ার পরিপ্রেক্ষিতে মেশাল আবার ফিলিস্তিন ভূখন্ডে এলেন। ২০০৭ সাল থেকে গাজার শাসনক্ষমতায় রয়েছে ইসলামপন্থিদল হামাস।

মেশাল শুক্রবার রাফা বর্ডার ক্রসিং পেরিয়ে গাজায় প্রবেশ করেই মাটি চুম্বন করেন। কর্মকর্তারা জানিয়েছেন, মেশালের স্ত্রী বৃহস্পতিবার দিনশেষেই সেখানে পৌঁছেছেন।

এক বিবৃতিতে মেশাল বলেছেন, গাজায় এ সফরকে তিনি তার তৃতীয়জন্মক্ষণ বলেই মনে করছেন। আর গোটা ফিলিস্তিনের স্বাধীনতার ক্ষণটি হবে তার ‘চতুর্থজন্মক্ষণ’। সেই দিনটির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন বলে জানান তিনি।

‘গ্জাা সবসময়ই আমার হৃদয়ে’, বলেন মেশাল। ৪৮ ঘণ্টার কিছু বেশি সময় গাজায় অবস্থান করবেন হামাসের এ রাজনৈতিক নেতা।

শনিবারের বিজয় মিছিলে আট দিনের সংঘাতের পর ইসরায়েলের বিরুদ্ধে ‘জয়’ এবং হামাস প্রতিষ্ঠার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হবে।

শনিবারের বিজয় মিছিলের জন্য ইতোমধ্যে গাজার রাস্তায় হামাসের সবুজ পতাকা দিয়ে সাজানো হয়েছে। গাজা শহরের মূলকেন্দ্রে একটি বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চসজ্জায় ব্যবহার করা হয়েছে গত মাসের সংঘাতে গাজা থেকে তেল আবিব ও জেরুজালেমে উৎক্ষিপ্ত স্থানীয়ভাবে তৈরি এম৭৫ রকেটের একটি বিশাল মডেল।

আট দিনের এ সংঘাতের ১৭০ জন ফিলিস্তিনি ও ছয় জন ইসরায়েলি নিহত হয়। এরপর মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরে অন্যান্য ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতেই গাজা সফর করছেন খালেদ মেশাল।

ইসরায়েল হামাসের জয় স্বীকার না করলেও এ সংঘাতের ফলে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশগুলোর ব্যাপক সমর্থন লাভ করে হামাস। ইসরায়েলের স্থল, জল ও আকাশ অবরোধের কারণে দীর্ঘদিন বিচ্ছিন্ন অবস্থায় ছিলো ফিলিস্তিন।

বর্তমানে কাতারে বসবাসকারী ৫৬ বছর বয়সী খালেদ মেশাল কিছুদিনের মধ্যেই হামাস প্রধানের পদ থেকে সরে যাবেন বলে জানিয়েছেন সম্প্রতি। তার এ ঘোষণাকে ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট ফাত্তাহ গ্র“পের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে সমঝোতার চেষ্টা হিসেবে দেখছেন অনেকেই।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ২০ মাস ধরে চলতে থাকা বিদ্রোহে কারণে এবছরের শুরুতে কাতারে চলে যাওয়ার আগে ২০০৪ সাল থেকে সিরিয়ায় অবস্থান করছিলেন তিনি। ২০০৭ সালে বিষপ্রয়োগের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করে ইসরায়েলি গুপ্তঘাতকরা।