ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের একটি গ্রেনেডের গুদামে বিস্ফোরণে ২৫ তুর্কি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ সেনা।
দেশটির সেনা বাহিনীর বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এ খবর জানায়।
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আফিওনে সেনা বাহিনীর একটি হ্যান্ডগ্রেনেড বোঝাই গুদামে বুধবার রাতে এই বিস্ফারণের ঘটনা ঘটে।
দেশটির পরিবেশমন্ত্রী ভেসেল এরোগলু জানান, এটি দুর্ঘটনা বশতঃ ঘটেছে বলেই তিনি মনে করছেন। তিনি সন্ত্রাসী হামলার সম্ভাবনা খারিজ করে দেন।
ধারণা করা হচ্ছে, অনেক সেনা গুদামের ভিতরে আটকা পড়ে থাকতে পারে।
বিস্ফোরণের ফলে গুদামে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
আটক সেনাদের কাছে উদ্ধারকর্মীরা সহজে যেতে পারছে না। কেননা বিস্ফোরণের ফলে হ্যান্ডগ্রেনেডগুলো আশপাশে ছড়িয়ে পড়েছে।
বিস্ফোরণের ফলে নিহতদের পরিচয় উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শক্তির কারণেই এমনটি হয়েছে বলে হুরিয়েত সংবাদপত্র জানিয়েছে।
আহতদের সেনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৮ ঘ.
bdnews24