ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেতা অং সান সু চি বলেছেন, নোবেল পুরস্কার পাওয়ার কথা শুনে গৃহবন্দিত্বের একাকিত্ব ঘুচে মনের জোর বেড়ে যায় তার।
১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দুই দশকেরও বেশি সময় পর শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় দেওয়া আনুষ্ঠানিক ভাষণে একথা বলেন তিনি।
অসলোর সিটি হলে দেওয়া ভাষণে সু চি বলেন, “নোবেল কমিটি যখন আমাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিলো তখন মানুষের মুক্তির জন্য যে পথ বেছে নিয়েছিলাম তাকে আর নিসঙ্গ মনে হয়নি।”
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কথা প্রথমে বিশ্বাস হচ্ছিলো না জানিয়ে সু চি বলেন, এ পুরস্কার পেয়ে তিনি বুঝতে পারেন দেশের বাইরের মানুষ গণতন্ত্রের জন্য তার লড়াই সম্পর্কে জানে এবং গৃহবন্দিত্বের নিসঙ্গতা থেকে তিনি মুক্ত হন।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো, নোবেল পুরস্কার বার্মায় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ের বিষয়টিকে বিশ্ববাসীর নজরে আনে। এ থেকে বুঝতে পারি, আমরা বিস্মৃত হইনি।”
“এজন্য আমি নোবেল কমিটি, নরওয়ের জনগণ ও বিশ্বের সব মানুষ যাদের সমর্থন শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে আমার মনোবলকে শক্তিশালী করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।”
একদিন পুরস্কার পেতে পারেন এটা ভেবে কখনো কাজ করেননি উল্লেখ করে সু চি বলেন, “একটি মুক্ত, নিরাপদ ও ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি যেখানে আমাদের জনগণ নিজেদের সামর্থ্য উপলব্ধি করতে পারবে।”
এদিকে সু চির ইউরোপ সফর চলাকালে তার দেশ মিয়ানমারে জাতিগত ও সাম্প্রদায়িক সংঘাত দেখা দিয়েছে।
সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় ২৯ জন নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এ সহিংসতা সম্পর্কে সু চি বলেন, আইনের শাসন ছাড়া এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার অবসান হবে না।
এই অনুষ্ঠানে সু চির প্রতি সম্মান জানিয়ে নরওয়ের নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান থর্বজর্ন জাগল্যান্ড বলেন, “বিশ্বের নিপীড়িতদের কাছে আপনি আশার বার্তা নিয়ে এসেছেন। আপনার জীবন আমাদের সবার কাছে একটি বার্তা। আপনি অনেক চড়া মূল্য দিয়েছেন। কিন্তু আপনি আশার সঞ্চার করছেন এবং বিশ্বের এটাই দরকার।”
১৫ বছর গৃহবন্দিত্ব কাটানোর পর ২০১০ সালের শেষদিকে মুক্তি পান সু চি। সামরিক জান্তা সরকার বন্দি করে রাখায় ১৯৯১ সালে স্বশরীরে নোবেল পুরস্কারগ্রহণ করতে পারেননি তিনি। তার পক্ষে তখন স্বামী ও দুই ছেলে এ পুরস্কার গ্রহণ করেছিলেন।
প্রায় ২৫ বছর পর বৃহস্পতিবার ইউরোপ সফরে গিয়ে প্রথমে জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থায় ভাষণ দেন সু চি।
এরপর শনিবার সকালে সুইজারল্যান্ড থেকে নরওয়ে পৌঁছান তিনি।সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ফুল ছিটিয়ে, নেচে ও সমস্বরে শ্লোগান দিয়ে সু চিকে তাকে স্বাগত জানায়রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা উৎসাহী জনতা।
মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নেতা অং সানের মেয়ে সু চি দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায়১৯৮৯ সাল থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২১৩ ঘ.
bdnews24