২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ: বিজেপি নেতা বাঙ্গারুর ৪ বছরের কারাদণ্ড

ঘুষ গ্রহণের অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক প্রেসিডেন্ট বাঙ্গারু লক্ষ্মণকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দিল্লির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের অভিযোগে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক প্রেসিডেন্ট বাঙ্গারু লক্ষ্মণকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দিল্লির একটি আদালত। ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ বিচারক কানওয়াল জিৎ অরোরা শনিবার বাঙ্গারুকে এ দণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ রূপি জরিমানা করে বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়। ভারতের জাতীয় পর্যায়ের কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে বাঙ্গারুকেই দুর্নীতির অভিযোগে প্রথম সাজা দেওয়া হলো। তার বিরুদ্ধে অভিযোগ ২০০১ সালে ভারতীয় সেনাবাহিনীকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার জন্য মেসার্স ওয়েস্টেন্ড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ রূপি নিয়েছিলেন তিনি। ব্যবসায়ী ছদ্মবেশে এক সাংবাদিক বাঙ্গারুকে ওই ঘুষ দিয়েছিলেন এবং গোপনে তা ভিডিও করেন। পরবর্তীতে তেহেলিকা ডটকম নামের একটি সংবাদ মাধ্যম বিজেপির প্রধান কার্যালয়ে নিজের কক্ষে বাঙ্গারুর ঘুষ গ্রহণের একটি ভিডিওচিত্র প্রচার করলে দলীয় প্রধানের পদ ছাড়েন ভারতের সাবেক রেলমন্ত্রী বাঙ্গারু। তখন থেকে তার বিরুদ্ধে দুর্নীতির এ মামলা চলছিল। শনিবার রায় ঘোষণার পর ৭২ বছর বয়সী বাঙ্গারুকে তিহার জেলে নেওয়া হয়েছে। ভারতে দুর্নীতিবিরোধী ‘প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট’ অনুযায়ী দুর্নীতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর থেকে সর্বনিু ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/২১০৩ ঘ.