ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার হামা শহরে এক বাড়িতে বিস্ফোরণে প্রায় ৭০ জন নিহত হয়েছে। বড় ধরনের এ বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে আরো কয়েকটি বাড়ি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীপক্ষের কর্মীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, হামার দক্ষিণাঞ্চলে মাশা-আত তায়ার এলাকায় বিশাল এক বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়।
যুদ্ধবিরতি ভঙ্গ করে নিরাপত্তা বাহিনীর চালানো রকেট হামলায় ভবন বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা। নিহতদের মধ্যে ১৩ জন শিশু ও ২৫ জন নারী রয়েছে বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে।
সিরিয়ার সরকারি গণমাধ্যম এ বিস্ফোরণের জন্য সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছে। এতে বলা হয়েছে, ‘সশস্ত্র সস্ত্রাসী গোষ্ঠীর’ বোমা কারখানা হিসেবে ব্যবহৃত বাড়িটিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, জঙ্গিরা ওই ভবনে বিস্ফোরক তৈরি করার সময় দুর্ঘটনাবশত তা বিস্ফোরিত হয়েছে। এতে ভবনটি ধসে মানুষজন নীচে চাপা পড়ে নিহত হয়েছে।
জাতিসংঘ-আরব লিগ প্রতিনিধি কফি আনান প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনার আওতায় সিরিয়ায় অস্ত্রবিরতি চলছে। এরই মধ্যে চলছে এ সহিংসতা।
হামার ওই বিস্ফোরণের পর বিরোধীপক্ষের কর্মীরা ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করেছে। এ ভিডিওতে বিস্ফোরণস্থল সহ ধ্বংসস্তুপের ভেতর থেকে লাশ টেনে বের করার দৃশ্য দেখা গেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর গোলা অথবা স্কাড ক্ষেপণান্ত্র হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে বিরোধী পক্ষের কর্মীরা জানিয়েছে।
প্রচলিত গোলা হামলা করে এ ধরনের ধংসযজ্ঞ চালানো কঠিন বলে জানিয়েছেন সংবাদদাতারাও ।
তবে সিরিয়ায় বিদেশি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় দুপক্ষের কারো দাবিই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।
সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল দেশের নাগরিকদের রক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে। হামায় গত কয়েকদিনে সহিংসতায় প্রায় ১শ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৮ঘ.
bdnews24