২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে অনেক বেশি বিদেশি: সারকোজি

ফ্রান্সে বিদেশিদের সংখ্যা অনেক বেশি। ফলে ফ্রান্সের মূলধারার সঙ্গে তাদের ঐক্যবদ্ধ করার কাজও তেমন গতি পাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 05:33 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে বিদেশিদের সংখ্যা অনেক বেশি। ফলে ফ্রান্সের মূলধারার সঙ্গে তাদের ঐক্যবদ্ধ করার কাজও তেমন গতি পাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। মঙ্গলবার টেলিভিশনে এক নির্বাচনী বিতর্কে সারকোজি এসব কথা বলেন। আগামী এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সারকোজি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি নতুন অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবেন বলে পরিকল্পনা নিয়েছেন। বিতর্কে পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়ে সারকোজি বলেন, অভিবাসীরা ফ্রান্সের জন্য আশীর্বাদ হলেও উচ্চ যোগ্যতাসম্পন্নদের প্রাধান্য দিয়ে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। ফ্রান্সে দশ বছর ধরে বসবাস করা অভিবাসীদের দেয় কিছু আর্থিক সুবিধা সংরক্ষণের ইচ্ছাও এসময় প্রকাশ করেন সারকোজি। প্রায়ই জাতি ও অভিবাসী প্রশ্নে বিতর্কিত মন্তব্য করে বসেন হাঙ্গেরিয়ান অভিবাসী পিতার সন্তান সারকোজি। ২০০৫ সালের প্যারিস দাঙ্গা শুরু হওয়ার আগে তিনি প্যারিসের শহরতলীর তরুণ অপরাধীদের ‘নিচু জাতে’র বলে মন্তব্য করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে সারকোজি ইতিমধ্যেই কঠোর সব অভিবাসী আইন চালু করেছেন। এর মধ্যে রোমা জিপসিদের ফ্রান্স থেকে বের করে দেওয়ার বিতর্কিত আইনও আছে। নির্বাচনী জরিপ অনুযায়ী সারকোজি সোস্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া হলান্দি থেকে পিছিয়ে আছেন। রক্ষণশীল দলের প্রার্থী সারকোজিকে ভোটের জন্য চরম ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির প্রার্থী ম্যারি লে পেনের সঙ্গেও লড়াই করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৬ ঘ.