কায়রো, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবল মাঠে দাঙ্গায় ৭৪ জনের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ মিশরবাসী আবারো ক্ষমতাসীনদের বিদায়ের দাবিতে রাজপথে নেমেছে।
কায়রোয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছে।
বুধবার রাতে পোর্ট সৈয়দ ফুটবল স্টেডিয়ামে কায়রোর আল-আহলি ও স্থানীয় আল-মাসরি ফুটবল দলের খেলাকে কেন্দ্র করে দুদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭৪ জন নিহত ও হাজার খানেক মানুষ আহত হয়। গত বছর গণআন্দোলনের মুখে দেশটির চার দশকের শাসক হোসনি মোবারকের পতনের পর এটাই দেশটিতে সবচেয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা। ফুটবল ইতিহাসেও এটা ভয়াবহতম ঘটনার একটি।
মাঠে সহিংসতার খবর ছড়িয়ে পড়ার পর সেখানে নিরাপত্তা ঘাটতির অভিযোগ এনে ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। কায়রোয় বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনা কর্মকর্তা ও এক বিক্ষোভকারী নিহত হয়। আর সুয়েজ শহরে বিক্ষোভকারীরা একটি থানা আক্রমণ করলে পুলিশের গুলিতে দুজন নিহত হয়।
বৃহস্পতিবার রাত নামার সঙ্গে সঙ্গেই কয়েক হাজার বিক্ষোভকারী কায়রোর রাস্তায় নেমে আসে। তারা কায়েরোর প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্বরের (তাহরির স্কয়ার) নিকটবর্তী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়। শুধু পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়।
শুক্রবার ভোর থেকেই বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবরুদ্ধ করে ফেলে। সেখান থেকে কোনো গাড়ি বা কেউ বের হতে কিংবা সেখানে কেউ ঢুকতে পারছে না।
দাঙ্গা পুলিশের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভবন ঘিরে রেখেছে। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাসের সেলের জবাবে পাথর ছুড়ছে বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাসের সেল ছোড়ার পর এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
দুদিনের এ সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দুইশ’ সদস্যসহ অন্তত ১৪০০ মানুষ আহত হয়েছে বলে সিএনএন জানায়।
কায়রোর বিক্ষোভকারী আবু হানাফি (২২) রয়টার্সকে বলেন, “যতক্ষণ আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো। আপনারা দেখেছেন পোর্ট সৈয়দে কী ঘটেছে।”
মোবারকবিরোধী আন্দোলনের সময় নেতৃত্বে থাকা ২৮টি রাজনৈতিক দল ও তরুণ বিক্ষোভকারীদের গ্র“প শুক্রবারকে ‘ক্ষোভের দিন’ ঘোষণা করায় বিক্ষোভে আরো অনেকে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছর ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদের কাছে ক্ষমতা ছেড়ে বিদায় নেন হোসনি মোবারক। তখন থেকেই বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কায়রোয় বিক্ষোভ হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১৫৬ ঘ.
bdnews24