ওয়াশিংটন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সংস্কার কর্মসূচীর ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে একযোগে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শনিবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও পররাষ্ট্রমন্ত্রী উন্না মাউঙ লউইন এর সঙ্গে টেলিফোন আলাপে হিলারি এ কথা বলেন।
ওয়াশিংটন মিয়ানমারের সংস্কার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে প্রতিশ্র“তি পূরণের উদ্যোগ নিচ্ছে বলেও লউইনকে জানান হিলারি।
মিয়ানমার সরকার প্রতিশ্র“ত সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে রাজবন্দিদের মুক্তি দেওয়ার পরপরই ওবামা প্রশাসন মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের ঘোষণা দিয়েছিলো।
তবে মিয়ানমারের আর কি কি সংস্কার করার কথা সেগুলোও হিলারি লউইনকে স্মরণ করিয়ে দেন।
অবশিষ্ট রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, আদিবাসী এলাকাগুলোতে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে মিয়ানমারের বিদ্যমান সামরিক মিত্রতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথাও উল্লেখ করেন হিলারি।
হিলারি সঙ্গে আগামী ১ এপ্রিলের উপনির্বাচন নিয়ে সুচির সাথে কথা বলেন। ওই নির্বাচনে সুচি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
এছাড়া হিলারি ও সুচি মিয়ানমারের জাতীয় সংহতি অর্জনে কাজ করে যাওয়ার বিষয়েও কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৬ ঘ.
bdnews24