মস্কো, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রী হওয়ার পর এখন আবার প্রেসিডেন্ট হিসেবে বিশ্ব রাজনীতিতে হাজির হতে যাচ্ছেন ভাদিমির পুতিন।
ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টির বার্ষিক কংগ্রেসে শনিবার আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন তিনি। এর আগে বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করেন।
এ ঘোষণার মধ্য দিয়ে পুতিন আবারো প্রেসিডেন্ট হতে চলেছেন বলে সা¤প্রতিক মাসগুলোতে যে গুঞ্জন চলছিলো তার সমাপ্তি ঘটলো। পুতিনের নেতৃত্বাধীন ইউনাটেড রাশিয়া পার্টিই দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। তাই পুতিনের ক্রেমলিনে ফিরে আসাটা অনেকটাই নিশ্চিত বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
২০০৮ সালে মেদভেদেভ প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন পুতিন। পরপর তিনবার প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক সুযোগ না থাকায় সেবার বিরতি দেন তিনি। তবে মেদভেদেভ সরকারে প্রধানমন্ত্রী থেকেও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তিনি ভূমিকা রাখতেন বলেই ধারণা করা হয়।
অনেকের মতে, গত এক দশকে রাশিয়ায় সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক পুতিন, দেশটিতে তারই প্রভাব সবচেয়ে বেশি।
দলীয় কংগ্রেসে পুতিন বলেন, "রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার প্রস্তাবে আপনারা যে ইতিবাচক সাড়া দিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।"
"আমার জন্য এটা বিশাল সম্মানের।"
এর আগে বর্তমান প্রেসিডেন্ট মেদভেদেভে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পুতিনের নাম ঘোষণা করলে তুমুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে সে প্রস্তাবকে স্বাগত জানান উপস্থিত কয়েক হাজার পার্টি সদস্য।
নিকট ভবিষ্যতে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় থেকে সাত শতাংশে নেওয়ার ঘোষণা দিয়ে পুতিন বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর অর্থনীতির পাঁচ দেশের মধ্যে একটি হবে রাশিয়া।
এ সময় তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীকে নতুন করে ঢেলে সাজানোরও ঘোষণা দেন।
আগামী চার ডিসেম্বর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে মেদভেদেভের নেতৃত্বে তার দল বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন পুতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮৪০ ঘ.
bdnews24