ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তাইওয়ানের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি পরিকল্পনায় চীনের সঙ্গে সম্পর্ক ক্ষুন্ন হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার শুক্রবার রয়টার্সকে একথা জানায়।
তাইওয়ান এফ-১৬ যুদ্ধবিমান বহনে সক্ষম নৌ বহরকে আরো উন্নত করার পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫শ' ৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনছে। যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের কাছে প্রস্তাবিত নতুন যুদ্ধ বিমান বিক্রি করে তবে চীনের প্রতিক্রিয়া আরো তীব্র হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ১৯৯২ সালে তাইওয়ানের কাছে ১৪৫ টি এফ-১৬ যুদ্ধ বিমানের সরঞ্জামাদি বিক্রি পরিকল্পনার নিন্দা জানায় চীন। তবে এবার চীন এখনও কোনো পাল্টা জবাব দেয় নি।
মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার এডমিরাল রবার্ট উইলার্ড এক সাক্ষাৎকারে বলেন, "এ পরিস্থিতির কোনো না কোনো প্রভাব পড়বে বলে আমাদের ধারণা। তবে তা কি হবে সে বিষয়ে আমরা নিশ্চিত নই।"
তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে থাকে চীন। সেইসঙ্গে অঞ্চলটিকে মূল ভূখন্ডের সাথে পুনরেকত্রিত করতেও চায়। এর জন্য প্রয়োজন হলে শক্তি প্রয়োগেও পিছ পা হবে না বিশ্বের সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত রাষ্ট্রটি।
এরআগে তাইওয়ানের কাছে ৬শ' ৪০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করায় ২০১০ সালের বেশিরভাগ সময়ই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থগিত রাখে চীনের লিবারেশন আর্মি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৬ ঘ.
bdnews24