২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানায় বিক্ষোভকারীদের শিবির সরকারি বাহিনীর দখলে

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ তিনমাস পর দেশে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী সানায় প্রধান বিরোধীদলীয় বিক্ষোভকারীদের শিবিরে প্রচন্ড হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ তিনমাস পর দেশে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী সানায় প্রধান বিরোধীদলীয় বিক্ষোভকারীদের শিবিরে প্রচন্ড হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। হামলার পর বিরোধীদলীয় শিবিরটি দখল করে নিয়েছে সরকারি বাহিনী। এক প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী সালেহর অনুগামী সেনারা এ আভিযান চালিয়েছে। তারা ব্যাপক মাত্রায় মর্টারের গোলাবর্ষণ করে ও দূরপাল্লার বন্দুক হামলা চালিয়ে বিক্ষোভের মূল কেন্দ্র ওই শিবিরটি দখল করে নেয়। এসময় সেখানে কয়েক হাজার সরকারবিরোধী আন্দোলনকারী অবস্থান করছিল। বিবিসি জানায়, বিক্ষোভের মূল কেন্দ্র সানার চেঞ্জ স্কয়ারে শনিবার ভোরে বিক্ষোভকারীদের ওপর রাইফেল ও মর্টার হামলা চালানো হয়। হামলার সময় বিক্ষোভকারীদের বেশ কিছু তাবুতে আগুন ধরে যায়। চিকিৎসক মোহাম্মদ আল-কুবাতি জানান, মর্টারের গোলায় মারাত্মক আহত ছয়জন এবং একজন নিহতকে হাসপাতালে আনা হয়েছে। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সরকারি বাহিনী এ অভিযানে সাঁজোয়া যান ব্যবহার করেছে। বিক্ষোভ শিবির এলাকায় প্রচন্ড লড়াই হয়। সেখানে এখন সরকারি বাহিনীর সশস্ত্র সদস্যরা ছাড়া আর কেউ নেই। ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ শুক্রবার দেশে ফিরে আসেন। গত জুনে সানার প্রেসিডেন্ট ভবনের মসজিদে এক রকেট চালিত গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেও মারাত্মক আহত হন। এরপরই তিনি চিকিৎসার জন্য সৌদি আরব চলে যান। এর আগে শুক্রবার রাতেও বিক্ষোভকারীদের ওপর হামলার চেষ্টা চালানো হয় বলে জানা গেছে। তবে সরকারবিরোধীদের সশস্ত্র প্রতিরোধে ওই হামলা প্রতিহত হয়। ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা সালেহের পদত্যাগের দাবিতে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ইয়েমেনে বিক্ষোভ চলছে। শুক্রবারের সংঘর্ষেও ১৩ জন বিক্ষোভকারী নিহত হয় বলে জানিয়েছে বিবিসি। সালেহর আকস্মিক প্রত্যাবর্তনে তার সমর্থকরা ব্যাপক উল্লসিত হলেও এর ফলে ইয়েমেনে গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/সিআর/১৪২৪ ঘ.