২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ হামলার প্রশস্তি জানিয়ে আল কায়েদার ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১০ বছর পূর্তিকে উপলক্ষ্য করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 05:09 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১০ বছর পূর্তিকে উপলক্ষ্য করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা। সোমবার 'বিজয় সমাগত' শিরোনামে প্রায় ১ ঘণ্টার ওই ভিডিওটি ইসলামি জিহাদিদের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আল কায়েদার নতুন প্রধান মিশরীয় আয়মান আল জাওয়াহিরির কণ্ঠে ৯/১১ হামলার ১০ বছরপূর্তি উপলক্ষ্যে ভাষণ ধারণ করা হয়। এ ছাড়া আল কায়েদার নিহত সাবেক প্রধান ওসামা বিন লাদেনের অপ্রকাশিত ভিডিওফুটেজও ওই ভিডিওবার্তাটিতে সংযোজন করা হয়। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১০ বছর পূর্তিতে আবারও হামলার 'নির্ভরযোগ্য' তথ্য পাওয়া গেছে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেয়। বিশেষ করে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের অধিবাসীদের ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় বহুতল ভবন দুটি ধসে যায়। এতে নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। পরবর্তী সময়ে ওই হামলাটি ৯/১১ হামলা বলে পরিচিতি পায়। আন্তর্জাতিক সন্ত্রাসী জঙ্গি সংগঠন আল কায়েদা ৯/১১ হামলা চালিয়েছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৯ ঘ.