বৈরুত, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- সিরিয়ায় চলতি বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন অবসানের দাবিতে শুরু হওয়া আন্দোলন দমনে সরকারি বাহিনীর দমনপীড়নে এ পর্যন্ত ২ হাজার ২ শ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাইয়ের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
পিল্লাই জানান, রমজান মাস শুরু হওয়ার পর সরকারি বাহিনীর হাতে দেশটিতে ৩৫০ জন মারা যায়।
সোমবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি প্রতিনিধিদল সিরিয়া পরিদর্শন কালে হমস-এ সরকারি বাহিনীর গুলিতে তিন জন আন্দোলনকারী নিহত হয়।
পিল্লাই অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ দমনে সিরীয় বাহিনী ভারি অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। তিনি বলেন, "চলতি বছরের মধ্যমার্চে শুরু হওয়া গণআন্দোলন দমনে সরকারি বাহিনীর হাতে এ পর্যন্ত ২ হাজার ২'শরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে রমজান মাসেও ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।"
সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণশারী একটি সংস্থা জানায়, জাতিসংঘের পরিদর্শক দলের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার লক্ষ্যে শত শত আন্দোলনকারী রাস্তায় জড়ো হলে সরকারি বাহিনী ও আসাদসমর্থক রক্ষীবাহিনী 'শাব্বিহা'র সদস্যরা তাদের ওপর গুলি চালায়।
জাতিসংঘের ওই দলটিকে দেশটিতে পাঁচমাস ধরে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রবেশের অনুমতি দেয় সিরীয় সরকার।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, "জাতিসংঘের পরিদর্শকদল পরিদর্শনকালে আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরার লক্ষ্যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি করে। এ অবস্থায় পরিদর্শকদলকে নিরাপত্তার অজুহাতে ওই স্থান ত্যাগ করতে বলা হয়।"
সিরিয়ার পরিস্থিতিতে দীর্ঘ নীরবতা ভেঙ্গে আরব বিশ্বও এই সহিংসতা বন্ধের আহ্বান জানায়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়িয়েছে এবং প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট আসাদ অঙ্গীকার ভঙ্গ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন "প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেনা অভিযান বন্ধ করবেন বলেছিলেন। কিন্তু তিনি তার কথা রাখেন নি। এটি অত্যন্ত দুঃখজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৭ ঘ.
bdnews24