আম্মান, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সরকারি বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামলে সরকারি বাহিনী ট্যাংক নিয়ে তাদের ওপর চড়াও হয়।
রমজান শুরু হওয়ার পর থেকে সরকারবিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানে যায় কর্তৃপক্ষ।
শুক্রবারের ঘটনার প্রধান কেন্দ্র ছিল পূর্বাঞ্চলীয় শহর দির আল যর। এখান থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পর দামনাভিযানে নেতৃত্ব দেয় সেনা গোয়েন্দা সংস্থা। স্থানীয় অধিবাসীরা জানায় সেনা গোয়েন্দাদের চোরাগোপ্তা হামলাতেই মারা যাচ্ছে অধিকাংশ মানুষ।
শুক্রবার জুমার নামাজের পর শহরটির প্রায় সব মসজিদের মুসল্লিরা রাস্তায় নেমে এসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। এ সময় সেনা গোয়েন্দাদের গুলিতে তিনজন নিহত হন।
৬৬ বছর বয়ষ্ক এক বৃদ্ধের ঘাড়ে গুলি লাগার পর থেকে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন স্থানীয় একজন চিকিৎসক।
আন্দোলনের নেতৃত্বে থাকা স্থানীয় সমন্বয় কমিটি জানিয়েছে, শুক্রবার দামেস্কের উপকণ্ঠে ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তঃসত্বা এক নারী ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে।
এছাড়া তুর্কি সীমান্তের ইদলিব প্রদেশে নিহত হয়েছে আরো দুজন।
সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী বাণিজ্য নগরী আলিপ্পোতে চার আন্দোলনকারীকে হত্যা করেছে, আর চোরাগোপ্তা হামলায় মধ্যাঞ্চলীয় হমস শহরে নিহত হয়েছে একজন।
হমসের পার্শ্ববর্তী প্রদেশের শহর হামার অধিবাসীরা জানিয়েছে, সেখানে নিহত হয়েছে চারজন। এর মাত্র দুদিন আগে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী ট্যাংক অভিযান থেকে নিস্তার পায় শহরটির অধিবাসীরা।
এছাড়া লাতাকিয়া ও বানিয়ান শহরে এবং দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে জানা গেছে।
সিরিয়ার সরকারি টেরিভিশনে বলা হয়েছে, দামেস্কের উপকণ্ঠে দউমায় সশস্ত্র দুষ্কৃতকারীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।
সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনপীড়নের পরিপ্রেক্ষিতে বুধবার দেশটির প্রধান বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এছাড়া তুরস্ক ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো সাধারণ নাগরিকদের ওপর দমনপীড়ন বন্ধ করার জন্য সিরিয়ার আসাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সরকারি দমনাভিযানে গত পাঁচমাসে দেশটিতে ১ হাজার ৭শ' সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৯ ঘ.
bdnews24