সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার দিন দাঙ্গার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও নিরাপত্তা বজায় রাখতে কড়া পুলিশ পাহারায় থাকছে লন্ডন। দায়িত্বে থাকছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সংখ্যক পুলিশ।
বৃহস্পতিবার রাতে লন্ডনে কোন অঘটন ঘটেনি। রাস্তাঘাটে কম লোকজন দেখা গেছে। শুক্রবার অফিস আদালতে উপস্থিতিও ছিল স্বাভাবিক।
পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের একজন নিহত হওয়ার প্রতিবাদে গত শনিবার উত্তর লন্ডনের টোটেনহ্যামে দাঙ্গা শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে লন্ডনের বিভিন্ন এলাকা ও ব্রিটেনের বড় কয়েকটি নগরীতে।
উপ-সহকারী পুলিশ কমিশনার স্টিভ কাভানাগ শুক্রবার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মানুষ আবারো বিশৃংখলা দেখা দেওয়ার আতঙ্কে আছে। একারণে সপ্তাহান্তে লন্ডনে ১৬ হাজার পুলিশ মোতায়েন রাখা হচ্ছে। স্বাভাবিক সময়ে যেখানে পুলিশ উপস্থিতি থাকে মাত্র ২,৫০০।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন, দায়িত্ব পালনরত পুলিশের সংখ্যা কম থাকায় লন্ডনে চারদিনের দাঙ্গায় লুটতরাজ ও সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সেকারণেই লন্ডনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ ডিউটিতে থাকবে বলে আশ্বস্ত করেছেন কাভানাগ। আগামী সোমবার পর্যন্ত নগরীতে এ পুলিশ উপস্থিতি থাকবে।
লন্ডনে প্রিমিয়ার লীগের ফুটবল খেলাগুলো চলবে বলেও জানান কাভানাগ। তবে টোটেনহ্যাম বনাম এভারটন খেলাটি বন্ধ থাকবে। ঐ এলাকায় অগ্নিকাণ্ডে কিছু ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়েছে।
লন্ডনের প্রধান শপিং এলাকাগুলো নিরাপদ করার জন্যও গ্রহণ করা হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। অক্সফোর্ড স্ট্রীটে ব্যবসায়ীরা অতিরিক্ত ৫০ জন সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছেন। অন্যান্য এলাকার ব্যবসায়ীরাও অতিরিক্ত সতর্কাবস্থা নিয়েছেন।
পুলিশ এ পর্যন্ত লন্ডনে ১১০৩ জনকে দাঙ্গা সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার করেছে। এর মধ্যে ৬৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কাভানাগ বলেন, পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে।
সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের ধরপাকড় করছে পুলিশ। বিভিন্ন পত্রপত্রিকায় সন্দেহভাজনদের ছবি ছাপা হয়েছে। জনসাধারণদের সহযোগিতা কামনা করা হয়েছে এ ব্যাপারে।
ভোর বেলা পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতারের জন্যে বাসস্থানে গিয়ে হাজির হচ্ছে। মানচেস্টারে লুটতরাজে জড়িত ১৫ বছর বয়সী এক ছেলের মা তাকে ধরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এলকিউ/২১২৮ঘ.
bdnews24