২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সর্বোচ্চ ভবন বানাতে বিন লাদেন গ্রুপ-সৌদি প্রিন্স চুক্তি

বন্দরনগরী জেদ্দায় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণে বিন লাদেন গ্রুপের সঙ্গে চুক্তি করেছে সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। নির্মাণকাজ শেষ হলে দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে এই ভবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী জেদ্দায় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণে বিন লাদেন গ্রুপের সঙ্গে চুক্তি করেছে সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। নির্মাণকাজ শেষ হলে দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে এই ভবন। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানে আগামী অক্টোবরে ঢাকা সফরে আসার কথা রয়েছে এই সৌদি ধনকুবেরের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেদ্দায় ওই ভবন নির্মাণ নিয়ে মঙ্গলবার আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন পরিবারের মালিকানাধীন বিন লাদেন গ্র"পের সঙ্গে একশ' ২৩ কোটি ডলারের চুক্তি সই করেছেন আলওয়ালিদ। বিন লাদেন গ্র"পই সৌদি আরবের সবচেয়ে বড় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান। লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার বাইরে ১০ হাজার কোটি রিয়াল ব্যয়ে কিংডম সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আলওয়ালিদের প্রতিষ্ঠান 'কিংডম হোল্ডিং কর্পোরেশন' এর। সবচেয়ে উঁচু ওই ভবনকে কেন্দ্র করেই গড়ে উঠবে কিংডম সিটি। কিংডম হোল্ডিং কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত ভবনটির উচ্চতা হবে এক হাজার মিটারের বেশি। পাঁচ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষ হলে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের আটশ' ২৮ মিটার উঁচু বুর্জ দুবাইকে পিছনে ফেলে সে জায়গা দখল করবে এ ভবন। প্রিন্স আলওয়ালিদ মঙ্গলবার রিয়াদে সাংবাদিকদের বলেন, "জেদ্দায় এ ভবন নির্মাণের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে যে বার্তা পৌঁছবে তার গুরুত্ব আছে। রাজনৈতিক দিক থেকে এটি তাৎপর্যপূর্ণ। কারণ, এর মধ্য দিয়ে বিশ্ব জানবে, আমাদের চারপাশে হাজারো ঘটনা, অস্থিরতা, এমনকি বিপ্লব যা-ই ঘটুক না কেন আমরা নিজ দেশে বিনিয়োগ করছি।" জেদ্দার এই ভবনে একটি আবাসিক হোটেল, অভিজাত অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় থাকবে। যুক্তরাষ্ট্রের আর্কিটেকচার ফার্ম আড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল এই ভবনের নকশা তৈরি করবে। আলওয়ালিদ বলেন, এই ভবনের উচ্চতা এক হাজার মিটারের বেশি হবে। তবে উচ্চতার সঠিক পরিমাপ গোপন রাখা হয়েছে। "এটা এক হাজার মিটার হবে না। আরো বেশি হবে, অনেক মিটার বেশি হতে পারে। সংখ্যাটি গোপন আছে। অল্প কয়েকজন মানুষই তা জানে।" কিংডম হোল্ডিং কর্পোরেশন জানায়, ওই ভবনের ৩৩ দশমিক ৩৫ শতাংশের অংশীদার জেদ্দা ইকোনোমিক কর্পোরেশন ভবন নির্মাণের কাজ পরিচালনা করবে। এছাড়া, আবরার ইন্টারন্যাশনাল হোল্ডিং কর্পোরেশন ৩৩ দশমিক ৩৫ শতাংশ, বিন লাদেন গ্র"প ১৬ দশমিক ৬৩ শতাংশ ও আব্দুররহমান শার্বাতালি নামের এক ব্যবসায়ী ওই ভবনের ১৬ দশমিক ৬৭ শতাংশ মালিকানায় থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১১ঘ.