২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ে সরকারের পদত্যাগ চান ব্রেইভিক

নরওয়ের হামলাকারী অ্যান্দ্রেস বেরিং ব্রেইভিক দেশটির সরকারের পদত্যাগ দাবি করেছেন। কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানিয়ে দেওয়া একটি দীর্ঘ তালিকায় ক্ষমতাসীন সরকারের পদত্যাগ চেয়েছেন কারাবন্দী ব্রেইভিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের হামলাকারী অ্যান্দ্রেস বেরিং ব্রেইভিক দেশটির সরকারের পদত্যাগ দাবি করেছেন। কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানিয়ে দেওয়া একটি দীর্ঘ তালিকায় ক্ষমতাসীন সরকারের পদত্যাগ চেয়েছেন কারাবন্দী ব্রেইভিক। তবে দাবিগুলোর মধ্যে বেশ কয়েকটি দাবিকে 'অবাস্তব' আখ্যা দিয়েছেন ব্রেইভিকের আইনজীবী। দাবির দীর্ঘ তালিকার মধ্যে নরওয়ের সরকারের পদত্যাগ ও জাপানি মনোচিকিৎসক দিয়ে তাকে পরীক্ষা করানোর দাবিও রয়েছে। ব্রেইভিকের আইনজীবী গেইর লিপেস্টাডের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়। লিপেস্টাড টেলিফোনে জানান, অন্য দাবিগুলো খুবই সাধারণ কয়েদির মতো, সিগারেট ও বেসামরিক পোশাক পরার অনুমতি পাওয়ার অনুরোধ। লিপেস্টাড বলেন, "অন্য দাবিগুলো অবাস্তব। বাস্তব দুনিয়া থেকে অনেক অনেক দূরের এবং মনে হচ্ছে সমাজ কিভাবে চলে সে তা জানে না।" তিনি আরো বলেন, "এ দাবিগুলো পূরণ করা অসম্ভব।" তবে ব্রেইভিক নরওয়ের মনোচিকিৎসক দিয়ে পরীক্ষা করাতে সম্মত হলেও জাপানি বিশেষজ্ঞ দিয়েও পরীক্ষা করাতে চাচ্ছে। লিপেস্টাড বলেন, "জাপানিদের বোঝার ক্ষমতা, ধারণা ও মূল্যবোধের কারণে ইউরোপীয় বিশেষজ্ঞদের চেয়ে জাপানি বিশেষজ্ঞরা তাকে বেশি বুঝতে পারবে বলে সে দাবি করছে।" সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের সময় উল্লেখ করা দুটি সন্ত্রাস সেলের সঙ্গে তথ্য ভাগাভাগি করার ইচ্ছেও প্রকাশ করেছেন। গত ২২ জুলাই নরওয়ের রাজধানী অসলো ও নিকটবর্তী হ্রদ ঘেরা দ্বীপ উটোইয়াতে হামলার অভিযোগে ব্রেইভিক (৩২) কে গ্রেপ্তার করা হয়। মর্মান্তিক ওই ঘটনায় ৭৬ জন নিহত হয়। নরওয়ের দুইজন মনোচিকিৎসক আত্মস্বীকৃত এ খুনির মানসিক স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২৫ ঘ.