নাইরোবি, জুলাই ২৯ (-িবডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খরাপীড়িত সোমালিয়ায় দুর্ভিক্ষ জর্জরিত মানুষের জন্য সাহায্য সরবরাহে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানকার বিদ্রোহীরা। দুর্গত মানুষের জন্য পাঠানো খাবার, ওষুধ জ্বালিয়ে দিচ্ছে তারা। হত্যা করছে ত্রাণকর্মীদের।
সোমালিয়া এবং ইরিত্রিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘের মনিটরিং গ্রুপ। বলা হয়েছে, বিভিন্ন ত্রাণ সংগঠনের কর্মীদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে ২০০৮ সাল থেকেই।
জাতিসংঘ সম্প্রতি সোমালিয়ার দুটি অঞ্চলকে দুর্ভিক্ষ এলাকা ঘোষণা করেছে।
কিন্তু সোমালিয়ার সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলো বিশেষত, আল শাবাবের বিদ্রোহীরা ক্রমাগত ত্রাণকাজে বাধা দিয়ে আসছে এবং মানবিক সাহায্য সরবরাহে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সোমালিয়ায় খাদ্য সঙ্কট দেখা দেওয়ার পেছনেও আল কায়েদার সঙ্গে জড়িত আল শাবাব কে দায়ী করেছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র উভয়ই।
বিদ্রোহী এলাকায় ত্রাণ সংস্থার কর্মকর্তাদের প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য আল শাবাব এর সদস্যরা জাতিসংঘ এবং ত্রাণ কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ দাবি করেছে- এমন কয়েকটি ঘটনারও বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
২০১০ সালে সোমালিয়ায় খাদ্য সাহায্য নিষিদ্ধ করে আল শাবাব। গত মাসে তারা তা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে অবাক করলেও জাতিসংঘ, ডব্লিউএফপিসহ কয়েকটি বড় বড় সংস্থার খাদ্য সাহায্যের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে তারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সোমালিয়ায় দুর্ভিক্ষ ঘোষণা করায় বিপাকে পড়েছে বিদ্রেহীরা। একদিকে, জনরোষের ভয়ে তাদেরকে খাদ্য সাহায্যের জন্য তাদের এলাকা উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবতে হচ্ছে।
অন্যদিকে, পশ্চিমা ত্রাণকর্মীদেরকে বিদ্রোহী এলাকায় প্রবেশ করতে দিয়ে কট্টর বিদ্রোহী নেতাদের কোপানলে পড়ার ঝুঁকিও নিতে হচ্ছে তাদেরকে।
২০১০ সালে শাবাব কমান্ডার জনতার উদ্দেশ্যে এক বক্তব্যে বিদেশি সাহায্য বিশেষত, খাদ্য সাহায্য না নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন।
এ পরিস্থিতিতে শাবাব নিয়ন্ত্রিত এলাকায় অনাহারে থাকা বেশির ভাগ মানুষের কাছেই খাবার পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে ডব্লিউএফপি। ফলে এ সমস্ত এলাকায় আগামী দিনগুলোতে বিমান থেকে খাবার সাহায্য ফেলার চিন্তাভাবনা করছেন ডব্লিউএফপি'র কর্মকর্তারা।
পূর্ব আফ্রিকায় খরা এবং দুর্ভিক্ষ এর আগেও বিশ্বকে নাড়া দিয়েছে। কিন্তু এ বছরের দুর্ভিক্ষ, খরা মারাত্মক আকার ধারণ করেছে। সোমালিয়াসহ কেনিয়া এবং ইথিওপিয়াও একই দুর্ভোগের মুখে পড়েছে।
গৃহযুদ্ধবিধ্বস্ত সোমলিয়ায় খরা, দুর্ভিক্ষে আরো দুর্ভোগে পড়া মানুষজন মরিয়া হয়ে কেনিয়ায় পালাচ্ছে। কেনিয়ার দাদাব ক্যাম্প কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পরও সেখানে বাড়ছে শরণার্থীর ঢল। প্রতিদিন সেখানে জড়ো হচ্ছে প্রায় ১৫০০ সোমালি শরণার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এল-িকউ/১৯১৭ ঘ.
bdnews24