২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭শ' পুলিশকে বরখাস্ত করছে মিশর

মিশরে হোসনি মুবারকবিরোধী গণআন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় প্রায় ৭শ' পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে হোসনি মুবারকবিরোধী গণআন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে প্রায় ৭শ' পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর ইসাবির বরাত দিয়ে বিবিসি জানায়, এ বছর ১ আগস্টে ৫শ' ৫ জন মেজর জেনারেল এবং ১৬৪ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হবে। এর মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে বিক্ষোভকারী হত্যার অভিযোগ রয়েছে বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারক বিরোধী বিক্ষোভে ৮ শ'রও বেশি বিক্ষোভকারী মারা যায়। আল জাজিরার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারী হত্যার অভিযোগে প্রায় ৬শ' পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে মিশরের অন্তর্র্বতী সরকার। মুবারকের শাসনামলের দুর্নীতিবাজ কর্মকর্তা ও বিক্ষোভকারী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে তাহরির চত্বরে আবারও বিক্ষোভ শুরু হওয়ায় সরকার এ পদক্ষেপ নিলো। একইসঙ্গে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন দেরী হবে বলেও নিশ্চিত করেছে সেনা পরিষদ শাসিত সরকার। বুধবার সরকারি বার্তা সংস্থা মেনাকে সেনাপরিষদের এক কর্মকর্তা জানান, "পার্লামেন্ট নির্বাচন অক্টোবর অথবা নভেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে পরিষদ।" মিশরে বহুদিন ধরে নিষিদ্ধ থাকা মুসলিম ব্রাদারহুডসহ অনেক নতুন রাজনৈতিক দলই সুসংগঠিত ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রস্তুতির লক্ষ্যে নির্বাচন দেরিতে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। এছাড়া, মিশরের জন্য একটি নতুন সংবিধান রচনা করতে ১শ' সদস্যের পরিষদ গঠনের কথা রয়েছে। এ পরিষদের সদস্য নির্বাচনের খসড়া তৈরি করা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে সেনা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ ঘ.