২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিল তুরস্ক

লিবিয়ার বিদ্রোহীদের এবার স্বীকৃতি দিল তুরস্ক। দেশটির জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে বেনগাজিভিত্তিক 'অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদ' রোববার এই স্বীকৃতি লাভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

বেনগাজি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের এবার স্বীকৃতি দিল তুরস্ক। দেশটির জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে বেনগাজিভিত্তিক 'অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদ' রোববার এই স্বীকৃতি লাভ করে। বিদ্রোহীদের স্বীকৃতি দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন, "গাদ্দাফির এখন যাওয়ার সময় হয়েছে। বিদ্রোহীদের জাতীয় পরিষদকে লিবিয়ার জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে বিবেচনা করে তুরস্ক"। লিবিয়ার বিদ্রোহীনিয়ন্ত্রিত শক্ত ঘাঁটি বেনগাজিতে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাভুতগলু রোববার ওই কথা বলেন। এসময় তুরস্কের পক্ষ থেকে বিদ্রোহীদের তিনি ২০ কোটি মার্কিন ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন। গত মাসে লিবিয়ার বিদ্রোহীদের আরো ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল তুরস্ক। তবে, বিদ্রোহীরা জানিয়েছে আগামী ছয় মাসে বেতন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটাতে তাদের ৩শ' কোটি ডলারেরও বেশি প্রয়োজন। এদিকে বেনগাজিতে বিদ্রোহীদের প্রধান নেতা ও গাদ্দাফির প্রাক্তন বিচারমন্ত্রী মুস্তাফা আব্দুল জলিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্ষমতা থেকে পদত্যাগ করে গাদ্দাফি যদি লিবিয়ায় থাকতে চান তবে যত দিন খুশি ততদিন তিনি লিবিয়ায় থাকতে পারবেন। তিনি বলেন, "শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা প্রস্তাব করছি, গাদ্দাফি ক্ষমতা থেকে পদত্যাগ করে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন অবস্থান ও সেনাব্যারাক থেকে নিজের অনুগত সেনাদের প্রত্যাহার করে নিক। আর তারপর তিনি লিবিয়ায় থাকবেন না অন্য কোন দেশে যাবেন সে ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিন"। "যদি তিনি লিবিয়ায় থাকতে চান তাহলে আমরা তার জন্য জায়গা নির্ধারণ করে দেব, ওখানে তিনি আন্তর্জাতিক তদারকির মধ্যে বসবাস করবেন। আন্তর্জাতিক নজরদারির মধ্যেই তার সমস্ত তৎপরতা সীমাবদ্ধ থাকবে"- বলেন আব্দুল জলিল। তিনি বলেন, গাদ্দাফি চাইলে কোন সেনা ব্যারাকে সেনা পাহারার মধ্যেও বসবাস করতে পারেন। এ সময় তিনি জানান, এক মাস আগে জাতিসংঘের মাধ্যমে ত্রিপোলিকে তিনি এই প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু এখনও সেখান থেকে কোন জবাব আসেনি। তবে বিদ্রোহী কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক আদালত থেকে গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এ ধরনের প্রস্তাব অর্থহীন হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১২ ঘ.