২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওবামাকে হত্যা করতে চেয়েছিলেন বিন লাদেন'

মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বানচালের পরিকল্পনা করেছিলেন নিহত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। আর এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বানচালের পরিকল্পনা করেছিলেন নিহত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। আর এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। মার্কিন গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নেটওয়ার্ক এ খবর প্রকাশ করেছে বলে এনডিটিভি জানায়। পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের কম্পাউন্ড থেকে কম্পিউটারসহ অন্যান্য অনেক তথ্য-উপাত্ত জব্দ করা হয়। সেগুলো ঘেঁটেই নিহত এই আল কায়েদা নেতার বিভিন্ন সন্ত্রাসী হামলা পরিকল্পনার খবর জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। ওইসব জিনিসপত্র বর্তমানে সিআইএ'র নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। সেগুলো ঘেঁটেই কর্মকর্তারা বিন লাদেনের এই পরিকল্পনার কথা জানতে পারেন। মার্কিন গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা জানান, তালিকায় মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গে বলা হলেও সরাসরি ওবামার নাম উল্লেখ করা হয়নি। ওই কর্মকর্তা আরো জানান, বিন লাদেন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করার জন্যই বারাক ওবামাকে হত্যা করতে চেয়েছিলেন। গত ২ মে ভোররাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল কায়েদার আত্মগোপনকারী শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। ওই অভিযানের পর বিন লাদেনের লাশসহ কম্পিউটার, হার্ডডিস্ক ও অন্যান্য লিখিত অনেক তথ্য-উপাত্ত জব্দ করে নিয়ে যায় মার্কিন বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ ঘ.