ওয়াশিংটন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- লিবিয়া অভিযানের নেতৃত্ব আগামী কয়েকদিনের মধ্যেই অন্যদের হাতে হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার একথা বলেছেন।
তবে কোন দেশ বা সংগঠনগুলো এ দায়িত্ব নেবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
লিবিয়ার যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র দেশব্যাপী প্রশ্নের মুখে পড়ার পর ওবামা এ সিদ্ধান্ত জানালেন। দক্ষিণ আমেরিকা সফরকালে ওবামা বলেন, "ওয়াশিংটন খূব শিগগিরিই লিবিয়া যুদ্ধের নিয়ন্ত্রণ হস্তান্তর করবে।"
চিলিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "হস্তান্তর প্রক্রিয়া কয়েক সপ্তাহ নয় বরং কয়েক দিনের মধ্যেই হবে বলে আমরা আশা করছি।"
যুক্তরাষ্ট্র লিবিয়া যুদ্ধ থেকে দূরে থাকতে চাওয়ায় অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যে কিছুটা মতদ্বৈততা সৃষ্টি হয়েছে।
আফগানিস্তান ও ইরাকে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র তৃতীয় আর একটি মুসলিম দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে আগে থেকেই ইতস্তত করছিলো।
এখন এ যুদ্ধে অংশগ্রহণ করা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠায় ওবামা এ থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
এ পরিস্থিতিতে লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্র বাহিনীর অধিনায়ক জেনারেল কার্টার হ্যাম ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, অস্বাভাবিক কোন কিছুু না ঘটলে লিবিয়ায় আমাদের হামলা কমতে থাকবে।
এরকম সম্মিলিত আন্তর্জাতিক অভিযানে দক্ষতার সঙ্গে বহুজাতিক বাহিনীগুলোর সমন্বয় সাধন জরুরি।
কিন্তু যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে এ ক্ষেত্রে তৈরী হওয়া শূন্যতা পূরণের সক্ষমতা কেবল ন্যাটোরই আছে। কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলো এ ভূমিকা পালনের ব্যাপারে একমত নয়।
লিবিয়া যুদ্ধের এই তিনদিন, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে হামলা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24