মন্টিভিডিও, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বাধীন রাষ্ট্র হিসেব দক্ষিণ আমেরিকার আরেকটি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন।
মঙ্গলবার উরুগুয়ে এ স্বীকৃতি দেয়। তবে ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা বিষয়ে কোনো মতামত দেয়নি দেশটি।
উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার প্রতি উরুগুয়ের অঙ্গীকার আরো জোরালোভাবে প্রকাশিত হলো।
উরুগুয়ে আশা করছে, অদূর ভবিষ্যতে ফিলিস্তিন ও ইসরায়েল শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করবে।
তবে রাষ্ট্রের সীমানা বিষয়ে এ দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া সমঝোতা সম্ভব নয় বলে বিতর্কের উর্ধ্বে থাকতে এ বিষয়ে কোনো মতামত প্রকাশ করা হয়নি বলে এ বিবৃতিতে জানানো হয়।
উরুগুয়ের আগে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, বলিভিয়াসহ আরো কয়েকটি দেশ ১৯৬৭ সালে ইসরায়েল-জর্ডান যুদ্ধের আগে ফিলিস্তিনের তৎকালীন সীমানা অনুযায়ী দেশটিকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া চিলি, পেরুসহ আরো কয়েকটি দেশ কোনো সীমানা নির্দেশ ছাড়াই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একে।
তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশা করছে, পশ্চিম তীর ও গাজা উপত্যকার পুরোটাকেই ফিলিস্তিন হিসেবে কূটনৈতিক স্বীকৃতি দিবে আন্তর্জাতিক মহল।
১৯৬৭ সালে মাত্র ছয় দিনের যুদ্ধের পরে জর্ডানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ওপর ফিলিস্তিনের দাবিকে বরাবরই নাকচ করে আসছে ইসরায়েল।
দেশ দুটির মধ্যে শান্তি আলোচনা গত দুই বছর ধরে বন্ধ রয়েছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দক্ষিণ আমেরিকার দেশগুলোর স্বীকৃতি প্রদানকে 'অত্যন্ত ক্ষতিকর অনুপ্রবেশ' বলে গত ডিসেম্বরে মন্তব্য করে ইসরায়েল।
গত বছর চিলি সফরে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উইলিয়াম বার্নসও দক্ষিণ আমেরিকার এ পদক্ষেপকে 'অপরিপক্ক' বলে মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৪০ ঘ.
bdnews24