ওয়াশিংটন, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণ ও জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির বিরোধীদলীয় শীর্ষ দুই নেতাকে 'অজ্ঞাত স্থান' এ নিয়ে যাওয়ার পরপরই এ অভিযোগ তুলল ওয়াশিংটন।
রোববার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্র সরকার ইরান সরকার পরিকল্পিত ভীতিপ্রদর্শন নীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী, ছাত্রনেতা, সাংবাদিক ও ব্লগাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছে।"
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র টমি ভিয়েটরের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, "স্যাটেলাইট জ্যামিং ও ইন্টারনেট সাইট বন্ধ করে দিয়ে ইরান সরকার তার জনগণকে তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে।"
বিবৃতিতে আরো বলা হয়, "ইরানে ধারাবাহিক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘণের ঘটনা এবং জনগণের সঙ্গে প্রতারণাপূর্ণ আচরণ প্রত্যক্ষ করছে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব। ইরানের সরকারের উচিত জনগণের সঙ্গে কার্যকর আলোচনা করা, মতপ্রকাশের স্বাধীনতা ও ভীতিহীন সমাবেশের অধিকার দেওয়া।"
একটি আন্তর্জাতিক আইনি সহায়তা গোষ্ঠী রোববার দাবি করে, ইরানের বিরোধীদলীয় দুই শীর্ষ নেতা মিরহোসেইন মুসাভি ও মেহেদি কারৌবিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে ইরানের ওই দুই নেতা গৃহবন্দি ছিলেন।
'নির্ভরযোগ্য সূত্র'র বরাত দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন জানায়, মুসাভি ও কারৌবিকে তাদের স্ত্রীসহ তেহরানের নিকটবর্তী 'অজ্ঞাত স্থান'-এ নিয়ে যাওয়া হয়েছে।
ওই সূত্র আরো জানায়, তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়নি এবং যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেটি কোনো কারাগার নয়।
মিশরে গণআন্দোলনের সমর্থনে সম্প্রতি ইরানে গণজমায়েত হলে সরকার তাতে বাধা দেয়। বিশ্লেষকদের ধারণা, ইরান কর্তৃপক্ষ সরকারবিরোধী আন্দোলনের ভয়ে সমাবেশ করতে দেয়নি। এ সময় সমাবেশকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর বেশকিছু সংঘর্ষের ঘটনা ঘটে।
এরপরই সরকার মুসাভি ও কারৌবির বিরুদ্ধে আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ তোলে। এমন কী সরকারপক্ষীয় আইনপ্রণেতারা ওই দুই নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ারও আহ্বান জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫১ ঘ.
bdnews24