মানামা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জনরোষ কমাতে রাজবন্দিসহ অন্যান্য বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে বাহরইন। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে রাজতন্ত্র উৎখাতের চেষ্টায় অভিযুক্ত ২৩ বন্দি।
একইসঙ্গে ছাড়া পেয়েছে গত সপ্তাহের বিক্ষোভে আটক হওয়া অন্যান্য বন্দিরাও। বিরোধী শিয়া দলের এক আইনপ্রণেতা বুধবার একথা জানিয়েছেন।
আরব বিশ্বজুড়ে বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে বাহরাইনে গত সপ্তাহে সাংবিধানিক রাজতন্ত্র এবং নির্বাচিত সরকারের দাবিতে শিয়ারা রাস্তায় বিক্ষোভে নামে। বন্দিদের মুক্তি দেওয়ারও দাবি জানায় তারা।
ফলে বন্দি মুক্তির এ পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের আরো এক দফা ছাড় দিলো সরকার। এর আগে সরকার লোকজনকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি এবং সংস্কার প্রশ্নে সংলাপের প্রস্তাব দেয়।
প্রধান শিয়া দল ওয়াফাক পার্টির ইব্রাহিম মাত্তার লোকজনকে বিক্ষোভ করতে দেওয়া এবং বন্দি মুক্তির পদক্ষেপ ইতিবাচক বলে মন্তব্য করেন। ভোরের আগেই ১০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আরো অনেক বন্দিই জেলে আছে বলে জানান তিনি।
কিন্তু মূল দাবি রাজনৈতিক সংস্কারের জন্য এখনো সবাই অপেক্ষা করে আছে বলে জানান মাত্তার। তিনি বলেন, সংলাপে যাওয়ার আগে রাজপরিবারের সাংবিধানিক রাজতন্ত্রের নীতি মেনে নেওয়ার আশায় আছে বিরোধীদলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24