২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানুচির দপ্তর থেকে বিক্ষোভকারীদের বিতাড়ন

তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচির পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের তাড়িয়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

তিউনিস, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচির পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের তাড়িয়ে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের স্থাপিত তাবু শুক্রবার গুড়িয়ে দেয় পুলিশ। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট জিনে আল আবিদিনে বেন আলির সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী অন্তবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভের অংশ হিসেবে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের বাইরে তাবু স্থাপন করে অবস্থান নেয়। শনিবার পঞ্চম দিনের মাথায় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। 'বেন আলী সংশ্লিষ্ট কেউ অন্তর্বর্তী সরকারে নয়'- দাবিতে বিক্ষোভের মুখে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেন প্রধানমন্ত্রী গানুচি। তিনি বেন আলীর ঘনিষ্ঠজনদের অনেককেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও নিজে সরে যাননি। স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীসহ বেন আলির সরকারের ১২ জন মন্ত্রীকে অন্তবর্তী সরকার থেকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের মনোনয়ন দেন গানুচি। মন্ত্রিসভার এ রদবদলকে দেশটির প্রভাবশালী সংগঠন 'লেবার ইউনিয়ন' সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী গানুচির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিথিল হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২০১১ ঘ.