দ্য হেগ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল বৃহস্পতিবার হেগের আন্তর্জাতিক আদালতে স্বীকার করেছেন যে, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকায় থাকাকালে তাকে হীরার থলে দেওয়া হয়েছে।
লাইবেরিয়ার সাবেক স্বৈরশাসক চার্লস টেইলরের যুদ্ধাপরধের বিচারে জাতিসংঘ বিশেষ আদালতে স্বাক্ষ্য দেওয়ার সময় ক্যাম্পবেল এ স্বীকারোক্তি দেন।
ক্যাম্পবেল আদালতকে বলেন, "আমি বেশ কিছু পাথর দেখেছিলাম। সেগুলো ছিলো খুবই ছোট এবং অপরিস্কার।"
চার্লস টেইলরের বিরুদ্ধে অভিযোগ আছে যে, তিনি সিয়েরা লিওনের বিদ্রোহীদের কাছ থেকে হীরাগুলো পেয়েছেন এবং ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরকালে এগুলো বিক্রি করে তা দিয়ে বিপুল সংখ্যক অস্ত্র কেনেন।
এ অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করতে কৌসুলিরা নওমি ক্যাম্পবেলকে স্বাক্ষ্য দেওয়ার জন্য যুদ্ধাপরাধ বিচার আদালতে তলব করেছেন।
কৌসুলিরা বলেন, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরকালে নেলসন ম্যান্ডেলার আয়োজনে এক নৈশ ভোজে যোগ দেওয়ার পর টেইলর ক্যাম্পবেলকে অনেকগুলো অপরিশোধিত হীরার টুকরো দেন।
উল্লেখ্য, এ নৈশ ভোজের একমাস আগে সিয়েরা লিওনের বিদ্রোহীরা টেইলরের সঙ্গে দেখা করে এবং নৈশ ভোজের এক মাস পরে সে বছর অক্টোবরে লাইবেরিয়া সরকার একটি বড় ধরনের অস্ত্রের চালান গ্রহণ করে।
তবে এ অভিযোগকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখান করেছেন টেইলর।
অন্যদিকে, ক্যাম্পবেল ওই হীরাগুলো পাওয়ার কথা স্বীকার করলেও ওই ভোজসভায় টেইলরের সঙ্গে কোনো অন্তরঙ্গতার কথা অস্বীকার করেছেন এবং হীরাগুলো কোথা থেকে এসেছে তাও জানেন না বলে জানিয়েছেন।
ক্যাম্পবেল আদালতকে বলেন, "দুই জন মানুষ আমাকে ঘুম থেকে ডেকে তুলে একটি থলে দেয়। তখন তারা বলেন, 'এটা আপনার জন্য একটি উপহার।'
তারপর থলেটি বিছানার পাশে রেখে আবার তিনি ঘুমিয়ে পড়েন এবং পরের দিন সকালে সেটি তিনি খুলে দেখেন বলে জানান ক্যাম্পবেল।
তিনি বলেন, "তারা আমাকে থলেটি দিলে আমি আবার ঘুমোতে চলে যাই। পরের দিন সকালে আমি থলেটি খুলে দেখি।"
পরের দিন সকালের নাস্তা খাওয়ার সময় এ ঘটনাটি তিনি অভিনেত্রী মিয়া ফারাউ ও তার এজেন্ট ক্যারোলে হোয়াইটকে বলেন বলে তিনি জানান।
ক্যাম্পবেল আদালতকে বলেন, "দু'জনের একজন বলে, এটা অবশ্যই চার্লস টেইলর হবে এবং আমি উত্তরে বলি, আমিও সেরকমটি ধারণা করেছি।"
ফারাউ বা হোয়াইট দু'জনের কেউ একজন বলে যে, পাথরগুলো সম্ভবত হীরা।
কৌসুলিরা আগামী সোমবার হোয়াইট এবং ফারাউকে আদালতে হাজির করার পরিকল্পনা করেছেন।
উল্লেখ্য, লাইবেরিয়ার গৃহযুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও যৌন নির্যাতনে উস্কানি দেওয়া এবং শিশুদেরকে জোর করে যুদ্ধে পাঠানোসহ মোট ১১ ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে টেইলরের বিরদ্ধে। সে যুদ্ধে দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়। টেইলর তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১২ ঘ.
bdnews24