এথেন্স, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির এক ছেলের নেতৃত্বাধীন গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ শনিবার গ্রীস থেকে মিশরের ইল-আরিশ বন্দরের পথে যাত্রা করেছে। জাহাজটির মুখপাত্র একথা জানিয়েছেন।
অ্যামালথিয়া কার্গো জাহাজের মুখপাত্র পেট্রোস আরভানিটিস বলেন, "জাহাজটির সব নথিপত্রে দেখা যাচ্ছে, সেটি মিশরের ইল-আরিশ বন্দরে যাবে।"
জাহাজটি শনিবার এথেন্সের ৬০ কিলোমিটার দক্ষিণপূর্বের লেভ্রিও বন্দর থেকে যাত্রা করে।
ত্রিপোলি ভিত্তিক মানবিক সাহায্য সংস্থা 'গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন' শুক্রবার জানায়, গাজায় ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে জাহাজটিতে প্রায় দুই হাজার টন ত্রাণ সামগ্রী বোঝাই করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে বেশিরভাগই খাদ্য দ্রব্য ও ঔষধপত্র বলেও জানায় তারা।
শনিবার দিনের প্রথমভাগে গ্রীসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রাণের জাহাজটি নিয়ে তারা ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, মলদোভা ও মিশর কর্তৃপক্ষ গাজার সমুদ্রসীমায় ইসরায়েলি নৌ সেনাদের অবরোধ না ভাঙার বিষয়ে সম্মত হয়েছে। তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে বলে দাবি করে ইসরায়েল।
মোয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি ১২ জন নাবিক ও ৯ জন যাত্রী নিয়ে এ ত্রাণবাহী জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন।
মে মাসের রক্তক্ষয়ী ঘটনার পর এবার প্রথম গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় ৯ জন নিহত হয়। নিহতদের ৮ জন তুরস্কের ও ১ জন যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয় দেশের নাগরিক।
সে ঘটনায় ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের চরম অবনতি ঘটে। হতাহতের সে ঘটনার জন্য ইসরায়েলের ক্ষমা চাওয়া বা আন্তর্জাতিক তদন্ত প্রস্তাব গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছে তুরস্ক।
২০০৬ সালের জুনে গিলাড শালিত নামের এক ইসরায়েলি সেনাকে হামাস সদস্যরা অপহরণের পর ইসরায়েল গাজার ওপর অবরোধ আরোপ করে। সে বছরের শেষদিকে হামাস গাজার ক্ষমতা দখল করলে ইসরায়েল অবরোধ আরো জোরদার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১৪৭ ঘ.
bdnews24