২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল 'মহামারী' বছরের পর বছর চলতে পারে: ওবামা

মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণকে 'মহামারী'র সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ তেল দূষণ রোধে মার্কিনীদেরকে দীর্ঘ লড়াইয়ে নামতে হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 03:22 AM

Updated : 25 Aug 2022, 12:18 PM

ওয়াশিংটন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণকে 'মহামারী'র সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এ তেল দূষণ রোধে মার্কিনীদেরকে দীর্ঘ লড়াইয়ে নামতে হবে। ওভাল অফিসে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওবামা একথা বলেন। তিনি বলেন, "মেক্সিকো উপসাগরে যে মিলিয়ন মিলিয়ন গ্যালন তেল ছড়িয়ে পড়ছে তা অনেকটাই মহামারীর মতো। যার বিরুদ্ধে আমাদেরকে মাসের পর মাস এমনকি বছরের পর বছর লড়তে হবে।" তবে তিনি বলেন, "যত সময়ই লাগুক আমরা তেল নিঃসরণ রোধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাব।" ভাষণে ব্রিটিশ তেল কোম্পানীকেও সতর্ক করে দিয়ে ওবামা বলেন, বিপিকে তার অপরিণামদর্শীতার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বুধবার বিপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ওবামা কথা বলবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলের জনগণকে তেল বিপর্যয় থেকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করার অঙ্গীকার করেন ওবামা। তেল পরিস্কারের জন্য তিনি বড় ধরনের অভিযান পরিকল্পনা প্রকাশ করেন। ওদিকে, মার্কিন বিজ্ঞানীরা বলছেন, যা ধারণা করা হয়েছিল বিস্ফোরিত তেলের রিগ থেকে তার চেয়েও অনেক বেশি তেল ছড়িয়ে পড়ছে সাগর ও উপকূল অঞ্চলে। প্রতিদিন ৩৫ থেকে ৬০ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে বলে জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৮৪১ ঘ.