২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলাকারীকে হস্তান্তর করতে বলবে পাকিস্তান

২০০৮ সালে মুম্বাইয়ে হামলার ঘটনায় ধরা পরা একমাত্র জীবিত বন্দুকধারীকে হস্তান্তর করার জন্য ভারতকে বলবে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 10:23 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ইসলামাবাদ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার ঘটনায় ধরা পরা একমাত্র জীবিত বন্দুকধারীকে হস্তান্তর করার জন্য ভারতকে বলবে পাকিস্তান। ওই হামলার ঘটনায় পাকিস্তান যে তদন্ত করছে তার সুবিধার্থে তাকে হস্তান্তরের কথা বলা হবে। পাকিস্তানের কর্মকর্তারা রোববার জানান, ওই মামলার আরও তদন্তের জন্যই সন্দেহভাজন এ বন্দুকধারীকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। মুম্বাই হামলার পরিকল্পনা ও সমন্বয় সাধনের অভিযোগে জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সাত সদস্যের বিচার করছে পাকিস্তান। মুম্বাইয়ের বাণিজ্যিক এলাকায় চালানো ওই হামলায় ১৬৬ জন মানুষ প্রাণ হারায় এবং চির বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত জানান, বন্দুকধারী পাকিস্তানি নাগরিক আজমল কাসাব এবং হামলার পূর্বে প্রাথমিক তথ্য প্রদানকারী হিসাবে অভিযুক্ত ফাহিম আনসারিকে সমর্পণ করার জন্য পাকিস্তান প্রয়োজনীয় নথিপত্রসহ এক কর্মকর্তাকে নয়াদিল্লি পাঠাচ্ছে। বাসিত রয়টার্সকে বলেন, "ইসলামাবাদে চলমান বিচার প্রক্রিয়ার আইনি প্রয়োজনে আমরা শিগগিরই এক ব্যক্তিকে নয়াদিল্লি পাঠাচ্ছি, ওদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে বলার জন্য।" অন্য এক কর্মকর্তা বলেন, কাসাব ও আনসারির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পাকিস্তান, যা লস্কর ই তৈয়বার সাত সদস্যের বিচারে কাজে লাগতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "বিশেষ করে কাসাবের জবানবন্দি আমাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস।" পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, এ দু'জনকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। যে দশ বন্দুকধারী মুম্বাইয়ে তিন দিন ধরে তাণ্ডব চালিয়েছিল কাসাব তাদের একজন। ভারতের এক আদালত এ মামলার বিচার মার্চ মাসে শেষ করলেও রায় এখনও ঘোষণা করেনি। আগামী ৩ মে এ মামলার রায় ঘোষণা করার কথা। অপরাধ প্রমাণ হলে কাসাবের মৃত্যুদণ্ড হতে পারে। এদিকে, ভারত লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদের বিচার করার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করলেও ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, নয়াদিল্লি হাফিজের বিচার করার মতো প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১৯ঘ.