সউল, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ছয়ঘণ্টা তাড়া করার পর উত্তর কোরিয়ার একটি সন্দেহজনক জাহাজ আটক করেছে ভারতীয় উপকূল রক্ষীরা। জাহাজটি চিনি নিয়ে আন্দামা ও নিকোবর দ্বীপপুঞ্জে যাচ্ছিল। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
পত্রিকাটি জানায়, দ্য এমভি মুসেন নামের জাহাজটি কোনো অনুমতি ছাড়াই বুধবার হাট বে দ্বীপে নোঙর করে। ভারতীয় উপকূল রক্ষীদের আসতে দেখে জাহাজটি পালাতে শুরু করলে বাধ্য হয়ে রক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে।
টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, জাহাজটি শেষ পর্যন্ত থামাতে বাধ্য হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে জাহাজটি চিনিভর্তি। তবে শনিবার বিস্তারিত তদন্ত করা হবে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে অবগত নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্নঅস্থিতিশীল এলাকায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বিক্রি করছে বলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সন্দেহ করে থাকে। এ জন্য বিশ্বের বিভিন্নস্থানে প্রায়ই উত্তর কোরিয়ার জাহাজ থামিয়ে তল্লাশি চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচভি/১৩২৭ ঘ.
bdnews24