কলম্বো, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তামিল গেরিলাদের সঙ্গে যুদ্ধে আটকে পড়া হাজার হাজার বেসামরিক তামিলকে মুক্ত করতে নতুন করে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী। সরকার ঘোষিত ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি শেষে এই অভিযান শুরু করার কথা রোববার জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারত সাগরের উপকূলবর্তী জঙ্গলের তিনশ' বর্গকিলোমিটার জায়গার মধ্যে 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা এলটিটিই যোদ্ধাদের অবরোধ করে রেখেছে সেনাবাহিনী।
তামিল যোদ্ধাদের পরাজিত করে ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী এই গৃহযুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে সেনারা।
তবে যুদ্ধাঞ্চলের মধ্যে আটকে পড়া বেসামরিক তামিলদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাহায্যকারী সংস্থাগুলো জানিয়েছে, প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ আটকা পড়েছে। তবে সরকার দাবি করেছে, আটকে পড়া মানুষের সংখ্যা এত নয়।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তাদের ৪৮ ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে দেওয়ার জন্য এলটিটিইর প্রতি আহ্বান জানান।
তবে প্রেসিডেন্টের এই আহ্বান প্রত্যাখ্যান করে এলটিটিই বলে, আন্তর্জাতিক উদ্যোগে যুদ্ধবিরতি হলেই কেবল সমস্যার সমাধান হতে পারে।
সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টের ওই ঘোষণার পর প্রায় তিনশ' মানুষ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে এসেছে।
প্রতিরক্ষা মুখপাত্র কাহিলিয়া রামবুকওয়ালা বলেন, "আমাদেরকে এখন বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে সামনে অগ্রসর হতে হবে।"
তিনি জানিয়েছেন, বিদ্রোহী নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের সন্ধান চালিয়ে যাবে সেনাবাহিনী।
তিনি বলেন, "এটা এখন পরিষ্কার যে, প্রভাকরণ বেসামরিক লোকজনকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তবে সামনে অগ্রসর হওয়ার সময় তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩২ ঘ.
bdnews24