২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনকে হত্যার হুমকির ফাইল প্রকাশ

মাইকেল জ্যাকসনকে জড়িয়ে বিভিন্ন সময়ে হওয়া বিভিন্ন মামলার নথিপত্র মঙ্গলবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

লস অ্যাঞ্জেলেস, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল জ্যাকসনকে জড়িয়ে বিভিন্ন সময়ে হওয়া বিভিন্ন মামলার নথিপত্র মঙ্গলবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এসব নথিপত্রের বেশিরভাগই ১৯৯২ সালে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির তাকে হত্যার হুমকি দেয়ার ঘটনার তদন্ত সম্পর্কিত। ওই ব্যক্তি তখন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকেও হত্যার হুমকি দিয়েছিল। নথির মধ্যে রয়েছে হত্যা হুমকি দিয়ে ওই ব্যক্তির লেখা অসংখ্য চিঠি। ওই ব্যক্তি নিজেকে তখনকার শীর্ষ মাফিয়া নেতা জন গোত্তির ছেলে বলে মিথ্যা দাবি করে এবং প্রথমদিকে তাকে মানসিকভাবে অসুস্থ বিবেচনা করে বিচারের মুখোমুখি হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছিল। খুবই সচেতনভাবে এফবিআই'র নথিপত্রে অভিযুক্তের নাম এড়িয়ে যাওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত জ্যাকসনকে হুমকি দেওয়ার অভিযোগে তার দুই বছরের কারাদণ্ড হয়। মঙ্গলবার প্রকাশকরা নথিপত্রের ফাইলে সংযুক্ত সেই সময়ের একটি সংবাদপত্রের প্রতিবেদনে অভিযুক্তের নাম বলা হয়েছে ফ্র্যাঙ্ক পল জোনস। ৩৪ বছর বয়সী ওই তরুণ মাইকেলের বোন জ্যানেট জ্যাকসনের প্রতি তীব্র আসক্তিতে ভুগছিল। এই প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের বাসিন্দা ফ্র্যাঙ্ককে হোয়াইট হাউজে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার করা হয়। এর এক মাস পরে তাকে লস অ্যাঞ্জেলেসে জ্যাকসনের বাবা-মা'র বাড়ির সীমানা থেকে আবার গ্রেপ্তার করা হয়। ফ্র্যাঙ্ক একটি চিঠিতে লিখেছে, "তারা যদি আমাকে গ্রেপ্তার না করে বা আমার সমস্যার সমাধান না করে তাহলে আমি প্রেসিডেন্ট জর্জ বুশকে হত্যা করার চেষ্টা করব।" আরেকটি চিঠিতে লিখেছে, "মাইকেল জ্যাকসনের কনসার্টে আমি গণহত্যা চালাব। আমার অর্থ ফেরত না দিলে আমি নিজে তাকে খুন করব।" এই সব নথিপত্র 'ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট'র অধীনে অনুরোধ সাপেক্ষে প্রকাশ করা হয়েছে। এতে জ্যাকসনের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগের তদন্তে ক্যালিফোর্নিয়া পুলিশ বিভাগকে সহায়তায় এফবিআই'র ভূমিকার কথাও রয়েছে। ১৯৯৩ সালে প্রথম শিশু নিপীড়নের মামলাটি জ্যাকসনের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনো অভিযোগ গঠন ছাড়াই ২ কোটি ডলারেরও বেশি অর্থ ক্ষতিপূরণের মাধ্যমে নিষ্পত্তি হয়। তবে ২০০৫ সালে অন্য একটি মামলায় জ্যাকসনকে নির্দোষ বলে রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৩৩৭ ঘ.